ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের মনে করছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্থিরতায় ভুগছেন। আর এর কারণ মহাসচিব হওয়ার চেষ্টা।
সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় পর ফখরুল তাকে ধন্যবাদ দিলে তার প্রতিক্রিয়া রোববার জানান ক্ষমতাসীন দলের এই নেতা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এ ধন্যবাদ ইতিবাচক নয়, নেতিবাচক। দায়িত্ব পাওয়ার পর তিনি উগ্র ও অস্থির হয়ে উঠেছেন। আগে এমন ছিলেন না। মহাসচিবের পূর্ণ দায়িত্ব পাওয়ার জন্যে তার এ চরিত্র।"
খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন ফখরুল। কয়েকটি সংবাদপত্রে খবর ছাপা হয়েছে, তাকে পূর্ণ মহাসচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে।
নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ড এবং জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে কয়েকদিন আগেই সরকারের সমালোচনা করেন ওবায়দুল কাদের।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাদের সংসদ ভবনে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ নিজেদের আত্মসমালোচনা করে ভুল শুধরানোর চেষ্টা করছে।
"বিএনপিতে আত্মসমালোচনার রেওয়াজ নেই। অতীতের প্রায়শ্চিত্ত তারা এখনো করছে," বলেন তিনি।
মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগ নেতা বলেন, "এখনও দুই বছর বাকি। অন্যের সমালোচনা করার আগে নিজের চেহারা আয়নায় দেখুন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24