লক্ষ্মীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগে লক্ষ্মীপুরে জামায়াত ও শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার দুপুরে তারা জেলা শহরে মিছিল করেছেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হয়েছেন আনোয়ার হোসেন, আবু জাফর, দিদার হোসেন, মুহাম্মদ রফিক ও মুহাম্মদ শরীফ।
সদর থানার ওসি গোলাম সরোয়ার সাংবাদিকদের জানান, অনুমতি না নিয়ে মিছিল করায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এসময় পুলিশ সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মফিজুর রহমান সাংবাদিকদের জানান, পুলিশের হামলায় তাদের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24