ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের তৃতীয় সপ্তাহে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হবে- জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখওয়াত হোসেন।
বৃহস্পতিবার এ কথা জানানোর পাশাপাশি নির্বাচনে প্রার্থী প্রার্থী মনোনয়ন নিয়ে রাজনৈতিক দলগুলোকে 'জটিলতা সৃষ্টি করা থেকে' বিরত থাকার আহ্বান জানান তিনি।
সাখাওয়াত বলেন, "এ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী এবং তাদের শুভানুধ্যায়ীরা কুমিল্লায় যে পোস্টার-বিলবোর্ড লাগিয়েছে, তফসিল ঘোষণার পর এইসব ব্যয় প্রার্থীর ব্যয় হিসেবে গৃহীত হবে।"
"এসব ব্যয়ের পেছনে সরকারকে আয়কর দেওয়া হয়েছে কি না তাও এনবিআরের মাধ্যমে খতিয়ে দেখা হবে।"
এ নির্বাচনে শতভাগ ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার।
কুমিল্লার দুইটি পৌরসভাকে নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত হয় গত ১০ জুলাই।
নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার সাখাওয়াত বলেন, "নতুন এই সিটি কর্পোরেশনে ২৭টি ওয়ার্ডে ৬৫টি ভোটকেন্দ্রে ৪৫৩টি ভোটকক্ষের মাধ্যমে একলাখ ৬৯ হাজার ভোটার তাদের প্রতিনিধি র্নিবাচনের সুযোগ পাবেন।"
এ নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মতো নির্বাচন কমিশনের নিজস্ব আয়-ব্যয় তদারক কমিটি থাকবে বলেও জানান এ নির্বাচন কমিশনার।
"যে প্রার্থীকে নিয়ে রাজনৈতিক দল জটিলতা সৃষ্টি করবে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি কঠোরভাবে দেখা হবে।" জানিয়ে তিনি বলেন, "সিটি কর্পোরেশন নির্বাচন নির্দলীয় নির্বাচন। এ নির্বাচনে দলগুলোর দলীয় প্রার্থী মনোনয়নের কোনো সুযোগ নেই। তবে প্রার্থীদের সমর্থন দিতে আইনি বাধাও নেই।"
"নারায়ণগঞ্জে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থীকে নিয়ে দলের শীর্ষ পর্যায়ে প্রকাশ্য বৈঠকের কারণে ইসিকে বিড়ম্বনায় পরতে হয়েছে।" যোগ করেন এম সাখাওয়াত।
নারায়ণগঞ্জে মেয়র পদে শহর আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিান হায়াৎ আইভী এবং দলের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান প্রার্থী হন। তাদের দুজনের একজনকে সমর্থন দিতে একাধিক বৈঠক হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচএ/পিডি/১৮১৮ ঘ.
bdnews24