ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিনেতা মওদুদ আহমেদ মনে করেন, নারায়ণগঞ্জ নির্বাচনে প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন কখনো 'নিরপেক্ষ' ও 'স্বাধীনভাবে' কাজ করতে পারে না।
শনিবার এ মন্তব্য করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি জানান তিনি।
নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে মওদুদ বলেন, "এই নির্বাচনে তিনটি বিষয় প্রমাণিত হয়েছে- (১) জনগণের ওপর সরকারের আর কোনো আস্থা নেই, (২) সেনাবাহিনীর ওপর তারা আস্থা হারিয়ে ফেলেছে এবং (৩) দলীয় সরকারের অধীনে ইসি নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে পারে না।"
নির্বাচনে সেনা মোতায়েন না করায় সংবিধান লঙ্ঘন হয়নি- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য ঠিক নয় বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ।
তিনি বলেন, "নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সেনা মোতায়েন না করে সরকার সং্িবধানের ১২৬ ধারা সরাসরি লঙ্ঘন করেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমি একমত নই।"
একই সঙ্গে তিনি দাবি করেন, নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করা হলে ভোটের লড়াইতে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হতেন।
সেনা মোতায়েন নিয়ে বিএনপি এর আগেও সংবিধান লঙ্ঘনের অভিযোগ তোলে।
এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, বিএনপির আশা ছিল সেনাবাহিনী 'ভোট চুরি' করে নির্বাচনে বিএনপিকে জিতিয়ে দেবে।
গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন দলটির বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারকে ভোট গ্রহণের মাত্র সাত ঘণ্টা আগে সরিয়ে নেয় বিএনপি। নির্বাচন বর্জনের কারণ হিসেবে সেনা মোতায়েন না হওয়ার বিষয়টি তুলে ধরে বিএনপি।
ওই নির্বাচনে সেনা মোতায়েনে সশস্ত্র বাহিনী বিভাগকে নির্বাচন কমিশন চিঠি দিলেও শেষ পর্যন্ত সেনা মোতায়েন হয়নি।
'পঞ্চদশ সংশোধনী নাকচ হবে'
গত জুনে সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী 'একটি অসাংবিধানিক সংশোধনী হয়েছে' মন্তব্য করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "এই সংশোধনীটি আগামীতে পুরো নাকচ হয়ে যাবে।"
এর কারণ হিসেবে তিনি বলেন, "বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের মালিক বলা হয়েছে জনগণকে। অথচ পঞ্চদশ সংশোধনীর ৭/খ ধারায় বলা হয়েছে যে, এমন কিছু ধারা আছে- যা কখনোই পরিবর্তন ও সংশোধন করা যাবে না। এটা সংবিধানে জনগনের সাবভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক।"
সংবাদ সম্মেলনে মওদুদ সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন।
তিনি বলেন, "সরকারের একতরফা ভারত-নির্ভর পররাষ্ট্রনীতির কারণে বর্হিবিশ্বে বাংলাদেশের এখন আর অন্য কোনো বন্ধু নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭৫০ ঘ.
bdnews24