ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসি চাওয়ার পরও সেনা না দেওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি প্রতিষ্ঠিত করেছে বলে মনে করেন ড. কামাল হোসেন।
নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন না করে সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলেও মত জানিয়েছেন তিনি।
দেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম এ সদস্য শুক্রবার সাংবাদিকদের বলেন, "সংবিধানের ১২৬ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, নির্বাচন কমিশন যা যা চাইবে, সরকারকে সে অনুযায়ীই কাজ করতে হবে।"
সংবিধান দিবস উপলক্ষে নিজের বাসায় এক মতবিনিময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জের নির্বাচনের প্রসঙ্গে ড. কামাল এ কথা বলেন। ১৯৭২ সালের এই দিনেই দেশের সংবিধান গৃহীত হয়।
নারায়ণগঞ্জে সেনা মোতায়েন না হওয়ায় সংবিধানের ব্যত্যয় ঘটেনি- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের পরদিনই আওয়ামী লীগের এক সময়ের নেতা কামাল বিপরীত কথা বললেন।
গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী চেয়ে সরকারকে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন ইসি, কিন্তু তা পায়নি। সেনা মোতায়েন না হওয়ার কারণ দেখিয়ে বিএনপি শেষ মুহূর্তে ওই নির্বাচন বর্জন করে।
নারায়ণগঞ্জে সেনা মোতায়েন কেন হয়নি, তার ব্যাখ্যা দিতে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি পাঠিয়েছে এ নিয়ে অসন্তুষ্ট ইসি।
নারায়ণগঞ্জে ইসির চাহিদা পূরণ না হওয়ার বিষয়টি তুলে ধরে কামাল বলেন, "যদি রাষ্ট্রের নির্বাহী বিভাগ ইসির চাহিদা পূরণে ব্যর্থ হয়, তবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর সংবিধানে পরিবর্তন এনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে।
এ পদ্ধতি বাতিলের পক্ষে সরকার সর্বোচ্চ আদালতের রায়কে যুক্তি হিসেবে তুলে ধরলেও তাতে আপত্তি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. কামাল।
তিনি বলেন, আদালতের রায়ে কিন্তু আরো দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যায় বলে বলা হয়েছে।
আওয়ামী লীগের আন্দোলনের মুখেই ১৯৯৬ সালে অর্ন্তর্বতীকালীন এ সরকার ব্যবস্থা সংবিধানে যোগ হয়েছিলো। তবে এখনকার আওয়ামী লীগ সরকার তা বাতিল করলেও বিএনপি এ পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছে।
ড. কামাল বলেন, জনগণের চাওয়ার কথাটি মাথায় না নিয়ে ব্যক্তিগত ও দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিলে সংবিধানের লঙ্ঘন ঘটে।
ভারতে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হলেও সেখানে নির্বাচন কমিশন অনেক শক্তিশালী বলে জানান ড. কামাল। "কিন্তু বাংলাদেশে সরকার বিপরীত পথে চলছে," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৭৪১ ঘ.
bdnews24