খুলনা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলিবিদ্ধ হওয়ার দুইদিন পর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গাজী আবদুল হালিম মারা গেছেন।
মঙ্গলবার রাত ১২টা ৪০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার মৃত্যু হয়।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাংসদ মোল্লা জালাল উদ্দিন এ খবর নিশ্চিত করেন।
গত রোববার (৩০ অক্টোবর) গাজী আবদুল হালিম (৪৫) গুলিবিদ্ধ হন। এরপর থেকে তিনি বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গাজী আব্দুল হালিম দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন।
তার উপর হামলার ঘটনায় ইতোমধ্যে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে আব্দুল হালিম হত্যা প্রচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হবে বলে পুলিশ জানিয়েছে।
দিঘলিয়া থানার ওসি মো. নাসিম খান বলেন, এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে তিনি জানান।
জেলা আওয়ামী লীগ নেতা মোল্লা জালাল উদ্দিন জানান, গাজী আব্দুল হালিমের লাশ সন্ধ্যার পর ঢাকা থেকে খুলনায় পৌঁছবে। মরদেহ প্রথমে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেওয়া হবে।
পরে দিঘলিয়ার চন্দনীমহল গ্রামে নিজ বাড়ি হীরা মহলে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার বাদ জোহর এই আওয়ামী লীগ নেতাকে দাফন করা হবে।
গত ৩০ অক্টোবর দুপুরে মোটারসাইকেলে বাড়ি ফেরার পথে ৭/৮ জন মুখোশধারী যুবক গাজী আব্দুল হালিমের ওপর গুলি চালায়।
প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর নেওয়া হয় যশোরে সম্মিলিত সামরিক হাসপাতালে। পরদিন হেলিকপ্টারযোগে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়।
হালিমের স্ত্রী ফারহানা হালিম বাদী হয়ে সোমবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৬ ঘ.
bdnews24