২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি'র পদত্যাগ দাবি করলেন তৈমুর

প্রধান নির্বাচন কমিশনারকে 'মেরুদণ্ডহীন' আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 08:53 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনারকে 'মেরুদণ্ডহীন' আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। বুধবার দুপুরে শহরের মাসদাইর এলাকায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলন তিনি বলেন, "বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ নয়। কমিশনারদের কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে তারা সরকারের আজ্ঞাবহ। সে কারণে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি।" গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট শুরুর মাত্র ৭ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি সমর্থিত এই প্রার্থী। নির্বাচনে এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ প্রসঙ্গে তৈমুর বলেন, "নির্বাচন বয়কট করে বিএনপি প্রমাণ করেছে ব্যক্তির চেয়ে দল ও দেশ বড়। দলের চেয়ারপারসনের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিলো বলেই মনে করি। এ জন্যই নিজেকে বিসর্জন দিয়ে দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি।" তবে বিএনপি নির্বাচনের দৌড়ে থাকলে ফল 'অন্যরকম' হতো বলেও দাবি করেন তিনি। সেনা মোতায়েন না হওয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করে তৈমুর বলেন, "এর মধ্য দিয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে, যা প্রধান নির্বাচন কমিশনারও বলেছিলেন। তার পদত্যাগ করা উচিত ছিলো। কিন্তু এই মেরুদণ্ডহীন কমিশনার তার পদ আঁকড়ে থেকেছেন।" বিএনপি আগামীতে ইভিএম পদ্ধতিতে সংসদ নির্বাচন মেনে নেবে না বলেও জানান তৈমুর। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, বিএনপি নেতা আনোয়ার হোসেন খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪৩৭ ঘ.