২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ কার্যত পরাধীন: মাহবুব

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচার বিভাগ কাগজে-কলমে আলাদা হলেও তা কার্যত নির্বাহী বিভাগের অধীন রয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচার বিভাগ কাগজে-কলমে আলাদা হলেও তা কার্যত নির্বাহী বিভাগের অধীন রয়ে গেছে। বিচারবিভাগ পৃথকীকরণ দিবস উপলক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বহুপ্রত্যাশা নিয়ে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে। কিন্তু মানুষের যে আশা ছিলো, তা পূরণ হয়নি। আমার হতাশা, কাগজে কলমে পৃথক হলেও বিচার বিভাগ এখনো নির্বাহী বিভাগের আওতাধীন রয়ে গেছে।" এ বক্তব্যের ব্যাখ্যায় বার সভাপতি বলেন, "নিম্ন আদালতের বিচারক নিয়োগ, পদায়ন, প্রমোশন, বদলি সব কিছু সুপ্রিম কোর্টের মাধ্যমে হওয়ার কথা থাকলেও তা আইন মন্ত্রণালয়ের নির্দেশে হচ্ছে। বিচার বিভাগ পৃথকীকরণের পর এর জন্য অবকাঠামো জনবল-অর্থ, এর কোনোটিই হয়নি।" মাসদার হোসেন মামলার রায়ের পর ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। মাহবুব বলেন, সুপ্রিম কোর্টের জন্য এত দিনেও একটি আলাদা সচিবালয় হয়নি। এছাড়া মাসদার হোসেন মামলার রায়ের ১২টি নির্দেশনাও বাস্তবায়ন হয়নি। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বদরুদ্দোজা বাদল বলেন, "বর্তমানে মাসদার হোসেন মামলার রায়কে বাইপাস করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিচ্ছে, যা পলিটিক্যালি ব্যবহারের ব্যাপক অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিছু থাকবে না।" উচ্চ আদালতে বিচারক নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা না থাকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আইনজীবী নেতারা। বার সভাপতি বলেন, বিচার বিভাগ পৃথকীকরণের পর হাইকোর্টের বিচারপতি নিয়োগের নীতিমালা হয়নি। এখন বিচারক নিয়োগের নীতিমালা না থাকায় বিভিন্ন জনের আত্মীয়, ঘনিষ্ঠ এবং রাজনৈতিকভাবে বিচারক নিয়োগ করা হচ্ছে। "বর্তমান সরকারের সময় হাইকোর্টে ৫২ জন বিচারপতি নিয়োগ হয়েছে। এই নিয়োগ সম্পর্কে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাই বলছেন, অদক্ষ ও বিতর্কিত। যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেরই শিক্ষাগত যোগ্যতা নিম্ন মানের," বলেন তিনি। বদরুদ্দোজা বলেন, "সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বিচারকদের হাতপা বেঁধে সাঁতার কাটতে বলা হচ্ছে। ২০৬ জন জ্যেষ্ঠ বিচারককে ডিঙ্গিয়ে ঢাকা জেলা জজ নিয়োগ করা হয়েছে। তাকে আবার হাইকোর্টের বিচারপতি করা হয়েছে।" মাহবুব বলেন, বিচারকরা যদি দক্ষ ও অভিজ্ঞ না হয়, তাহলে মানুষ ন্যায়বিচার পাবে না। বিচারিক আদালতে বিচারকদের এজলাস সঙ্কটের কথা তুলে ধরে তিনি বলেন, এ কারণে মামলা নিষ্পত্তির হার কমে গেছে। এক প্রশ্নের জবাবে বার সভাপতি বলেন, "যে সব বিচারকদের বিরুদ্ধে কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দেবো। এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১১০ ঘ.