২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগ নেতা হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গাজী আবদুল হালিমকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহে সরকারি এই দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

খুলনা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গাজী আবদুল হালিমকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহে সরকারি এই দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হালিমের স্ত্রী ফারহানা হালিম বাদী হয়ে সোমবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার মোল্লা আকরাম হোসেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন দুর্বৃত্তের গুলিতে আহত গাজী আব্দুল হালিমের অবস্থা অপরিবর্তিত রয়েছে। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোল্লা জালাল উদ্দিন বলেন, বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন গাজী হালিমের অবস্থা এখনো সঙ্কটাপন্ন। তাকে আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। দিঘলিয়া থানার ওসি নাসিম খান জানান, গাজী আব্দুল হালিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। এই থানার ওসি (তদন্ত) আলী নেওয়াজকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আলী নেওয়াজ জানান, মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, গাজী হালিমকে গুলি করার পর একদল লোক মোল্লা আকরামের বাড়িতে হামলা চালায়। ওই সময় তিনি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে তাকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। গত ৩০ অক্টোবর দুপুরে মোটারসাইকেলে বাড়ি ফেরার পথে ৭/৮ জন মুখোশধারী গাজী আব্দুল হালিমের ওপর গুলি চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৬ ঘ.