ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধসহ সব রাজনৈতিক ও সা¤প্রদায়িকদের হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে শহীদ মিনারে সমাবেশ হয়েছে।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত করার দাবি জানান।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের এদেশের রাজনীতিতে কোনো অধিকার নেই।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে মনন সমাজ ও সংস্কৃতি নামের একটি সংগঠন ওই সমাবেশের আয়োজন করে।
স্বাধীনতাবিরোধীরা এদেশের উন্নয়ন ও অগ্রগতির সবচেয়ে বড় বাধা উল্লেখ করে আরেফিন সিদ্দিক বলেন, "শুধু যুদ্ধাপরাধী নয়, ২১ অগাস্টের গ্রেনেড হামলাসহ এ পর্যন্ত যতগুলো হামলা হয়েছে তার সবগুলোর বিচার করতে হবে।"
আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক রফিকউল্লাহ খান বলেন, বাংলাদেশকে অপশক্তিমুক্ত করার প্রয়োজনেই যুদ্ধাপরাধসহ সব ধরনের বোমা হামলার বিচার হওয়া জরুরি।
সমাবেশে অন্যদের মধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক আনোয়ার কবির, উদীচীর দপ্তর সম্পাদক ইকবালুল হক খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসনে আরা বেগম ও কামাল উদ্দিন আহমেদ এবং সাবেক সেনাপ্রধান লে. জে (অব) হারণ-উর রশিদ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/পিডি/০১০৫ ঘ.
bdnews24