২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর মাত্র সাত ঘণ্টা আগে এ নির্বাচন বর্জন করবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 06:57 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর মাত্র সাত ঘণ্টা আগে এ নির্বাচন বর্জন করবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার রাত পৌনে ১টায় জরুরি প্রেস ব্রিফিংয়ে নির্বাচন বর্জনের কথা বলেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, "নির্বাচনে সেনা মোতায়েন করা হয়নি। ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি দেওয়া হযেছে। এ পরিস্থিতিতে আমার নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং আমাদের প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখছি।" একই সঙ্গে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন তিনি। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট 'কারচুপির' চেষ্টা এবং নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগও আনেন নোমান। গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে নোমান বলেন, "বর্তমান সরকার ও ইসির অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নারায়ণগঞ্জে ভোটের আগেই তা পরিষ্কার হয়ে গেছে। কারচুপির যন্ত্র ইভিএম চাপিয়ে দিয়ে ইসি গর্হিত অপরাধ করেছে। আমরা এই প্রহসনের নির্বাচন আগাম প্রত্যাখ্যান করছি। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছি।" শনিবার সকালেই নোমান এক সংবাদ সম্মেলনে বলেন, সেনা মোতায়েন ছাড়া এই নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মুখোশ উন্মোচন করতে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। রোববার সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। সেনা মোতায়েন নিয়ে দলটির এক সাংসদ শনিবারই সরকারকে নোটিস দেন। নির্বাচনে সেনা মোতায়েন করতে নির্বাচন কমিশনের চিঠি সত্ত্বেও সরকার শেষ পর্যন্ত তা করেনি। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান এ নিয়ে আপত্তি না তুললেও তার দুই শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার ক্ষোভ প্রকাশ করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮টিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে। সংবাদ সম্মেলনের আগে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটি ও জ্যেষ্ঠ নেতাদের কার্যালয়ে ডেকে পাঠান। তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর সংবাদ সম্মেলন ডাকা হয় রাত পৌনে ১টায়। নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ওয়ার্ডগুলোতে তাদের কমিশনার পদপ্রার্থীও রয়েছে। গুলশানে রাতের এই জরুরি সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবীর রিজভী, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/পিডি/০১৫৯ ঘ.