ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, "বর্তমান সরকার আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। পদ্মাসেতুর দুর্নীতির বিষয়ে সরকারের তদন্তের ঘোষণা লোক দেখানো। তবে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এ দুর্নীতির তদন্ত করা হবে।"
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার ঋণের প্রতিশ্র"তি দিলেও কিছুদিন আগে দুর্নীতির অভিযোগ তুলে তা স্থগিত করে দেয়। সরকার এ অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বার বার বলে আসছেন, শিগগিরই এ জটিলতার সমাধান হয়ে যাবে।
হান্নান শাহ বলেন, "পদ্মাসেতুতে ব্যাপক দুর্নীতি হয়েছে- এটা বিশ্বব্যাংকই বলেছে। তারা এজন্য অর্থ ছাড় করা বন্ধ করে দিয়েছে। এতে দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন হয়েছে।"
তার দল ক্ষমতায় গেলে 'এই দুর্নীতির' তদন্ত হবে উল্লেখ করে হান্নান শাহ বলেন, "ওই তদন্তে বাবু সুরঞ্জিতের ভাষায় শুঁটকির বাজারের সব বিড়াল বেরিয়ে আসবে। থলের বিড়ালও রক্ষা পাবে না।"
কয়েকদিন আগে এক আলোচনা সভায় পুঁজিবাজারে অস্থিরতা প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিড়ালকে শুঁটকির বাজারের দায়িত্ব দেওয়ার কারণেই এ অবস্থা হয়েছে।
বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে হান্নান শাহ বলেন, "বিএনপি আমলে যুমনা সেতু, কর্ণফুলী তৃতীয় সেতুসহ অনেক সেতু নির্মাণ হয়েছে। ওই সময়ে বিশ্বব্যাংক কিংবা কোনো দাতা সংস্থা কখনোই দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি।"
তিনি দাবি করেন, পদ্মাসেতুর নির্মাণের উদ্যোগ এবং এর সম্ভব্যতা জরিপসহ প্রকল্প পরিকল্পনা ও নকশা প্রণয়নের কাজ বিএনপির আমলেই হয়েছে।
"জাইকা এই সম্ভাব্যতা জরিপ চালিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে প্রতিবেদন দিয়েছিল। সে অনুযায়ীই পদ্মাসেতু প্রকল্পের কাজ গ্রহণ করে সরকার", বলেন হান্নান।
তার অভিযোগ, বর্তমান সরকার পদ্মাসেতুর নতুন নকশা করে বিভিন্ন খাতে দুর্নীতি করেছে, প্রকল্পের প্রাক্কলন ব্যয়ও বেশি ধরা হয়েছে।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অপসারণ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, "আমার যতোটুকু ধারণা, থলের বিড়াল বেরিয়ে যাবে বলেই তিনি আবুল হোসেনকে বাদ দিচ্ছেন না।"
বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কথা বলার পর অভিযোগের আঙুল ওঠে যোগাযোগমন্ত্রীর দিকেও। তবে তিনিও বলে আসছেন, এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি।
হৃদয়ে বাংলাদেশ নামের একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে 'পদ্মাসেতু দুর্নীতি ও বাংলাদেশের ভাবমূর্তি' শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মুহাম্মদ হানিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, রফিক শিকদার, জাগ্রত জনতা ফোরামের চেয়ারম্যান শহীদ চৌধুরী ও হৃদয় বাংলাদেশের মহাসচিব সারোয়ার হোসেন আলোচনা সভায় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭৫১ ঘ.
bdnews24