২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবনের নকশা নষ্ট করেছে বিএনপি: হাসিনা

মেট্রো রেলের কারণে জাতীয় সংসদ ভবনের মূল নকশা ক্ষতিগ্রস্ত হবে না দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদ ভবনের মূল নকশা নষ্ট করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেট্রো রেলের কারণে জাতীয় সংসদ ভবনের মূল নকশা ক্ষতিগ্রস্ত হবে না দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদ ভবনের মূল নকশা নষ্ট করেছে বিএনপি। বুধবার সংসদে মেট্রো রেল নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিএনপির সঙ্গে এইচ এম এরশাদকেও সংসদ ভবনের নকশা ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী করেন। পাশাপাশি সংসদ ভবনের সৌন্দর্যহানির কথা বলে যারা মেট্রো রেলের পরিবর্তিত নকশার সমালোচনা করছে, তাদেরও এক হাত নেন হাসিনা। লুই আই কানের মূল নকশার বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "মূল নকশার বড় ধরনের ক্ষতি আগেই করা হয়েছে। সংসদ ভবন এলাকায় ক্রিসেন্ট লেকের ওপর ব্রিজ তৈরি এবং মাজার নির্মাণ করা হয়েছে। এছাড়াও নির্মাণ করা হয়েছে মসজিদ এবং মিউজিয়াম। এগুলো লুই কানের নকশার মধ্যে কোনো সময়েই ছিলো না।" "ক্রিসেন্ট হচ্ছে চাঁদ। আর চাঁদ হচ্ছে শান্তির প্রতীক। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে লুই কানের নকশা নষ্ট করে ক্রিসেন্ট লেকের ওপর ব্রিজ করে অর্ধচন্দ্রাকৃতি লেককে তীর-ধনুকের আকার দিয়ে দিলো। এই তীর ধনুক হচ্ছে যুদ্ধের প্রতীক," বলেন তিনি। সংসদে থাকা সাবেক রাষ্ট্রপতি এরশাদকে দেখিয়ে হাসিনা বলেন, "তৎকালীন সেনাপ্রধান এরশাদ সাহেব চট্টগ্রাম থেকে একটি বাক্স এনে বললেন, এখানে জিয়ার কবর হবে।" "তখন জেনারেল খলিলকে দিয়ে আমার কাছে খবর পাঠালেন- ওখানে (চন্দ্রিমা উদ্যান) আরেকটি জায়গা রাখা হবে জাতির পিতার জন্য। টুঙ্গীপাড়া থেকে জাতির পিতার কবর এখানে নিয়ে আসা হবে। তখন আমি বলেছিলাম- না এটা হবে না, জাতির জনকের কবর টুঙ্গীপাড়াতেই থাকবে," বলেন তিনি। মেট্রো রেলের পরিবর্তিত নকশার সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "টক শো-তে যারা সমালোচনা করেন, তুফান তোলেন, রেডিও-টিভি ভেঙে ফেলেন, তারা লুই কানের মূল নকশাটি (সংসদ ভবনের) দেখেছেন কি না, জানি না। নকশাটি দেখার চেষ্টা করেছেন কি না, জানি না।" "অনেকে টক শো-তে বলছেন, সংসদ ভবনের সামনে দিয়ে মেট্রো রেলের রুট হলে লুই কানের নকশা নষ্ট হয়ে যাবে। খেজুর গাছ কেটে ফেলতে হবে। তাদের কথায় মনে হয়- বিমানবন্দর ধ্বংস হয় হোক, কিন্তু খেজুর গাছ কাটা যাবে না।" "অথচ জিয়ার মাজার স্থাপন করার সময়ে ১ হাজার গাছ কাটা হয়, তখন তো কেউ একটা টু শব্দও করেননি। কাউকে টক শো-তে এভাবে কথা বলতে দেখিনি, কোনো প্রতিবাদ শুনিনি। তখন কেউ এক জন প্রতিবাদ জানান, জবাবে তখন ঢাকার মেয়র মির্জা অব্বাস বলেছিলেন, 'দু/চারটা বোমা মেরে দিলে সব ঠিক হয়ে যাবে।" মেট্রো রেলের নকশা নিয়ে বিমান বাহিনীর আপত্তির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "বিমান বাহিনী প্রধান কেন মেট্রো রেলের রুট নিয়ে কথা বলেন- একথা বলে অনেকে তার সমালোচনা করেন। এই বিমানবন্দর বিমান বাহিনীর সম্পত্তি। উনি তো কথা বলবেনই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৪৫ ঘ.