চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারের 'দুর্নীতির' বিরুদ্ধে চলমান গণ-আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বুধবার বিকালে নগরীর লালদীঘি চত্ত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
যুবদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল এ সমাবেশ আয়োজন করে।
সাবেক মন্ত্রী নোমান বলেন, "রাষ্ট্র পরিচালনায় মহাজোট সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। দেশে দুর্নীতির মহোৎসব চলছে।
"বালির বাঁধ দিয়ে ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছাসের কবল থেকে যেমন রক্ষা পাওয়া যায় না, তেমনি জনগণের চলমান গণ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হলে সরকারও রক্ষা পাবে না।"
নোমান অভিযোগ করেন, "সরকারের দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছে। দুর্নীতিতে সরকারের শীর্ষ ব্যক্তিরা জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।"
পুঁজিবাজারে অস্থিরতার জন্য সরকারকে দায়ী করে নোমান বলেন, "প্রণোদনা ও বিশেষ তহবিল গঠন করার পরও বাজারকে স্থিতিশীল করা যাচ্ছে না। কারণ লুটেরাদের পুঁজিবাজারের দায়িত্ব দেওয়া হয়েছে।"
সরকারের পতন ছাড়া পুঁজিবাজার কখনো স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/১৯৩২ ঘ.
bdnews24