ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বণ্টন নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের আচরণ বাংলাদেশ-ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন কলকাতার বুদ্ধিজীবী রতন খাসনবিশ।
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে মূল প্রবন্ধে তিনি এ মত প্রকাশ করেন।
ঢাকা, আসাম ও বর্ধমান বিশ্ববিদ্যালয় যৌথভাবে দুই দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করেছে। এ সম্মেলনের অংশ হিসেবেই এ সেমিনার হয়।
মনমোহন সিংয়ের সফরে তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টি তুলে ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রতন খাসনবিশ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানি নিয়ে যে রাজনীতি করছেন, তা ঠিক নয়।
"তার এ ধরনের মনোভাব দুদেশের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি করছে। এই উপমহাদেশের রাজনীতির ক্ষেত্রে এই দুই প্রতিবেশী দেশের সাহায্য-সহযোগিতা একান্ত কাম্য।"
গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতে তা আটকে যায়। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানেই হতাশা প্রকাশ করেছিলেন মনমোহন।
'ভারত-বাংলাদেশ সর্ম্পক : উপ-আঞ্চলিক প্রেক্ষিত' শীর্ষক প্রবন্ধে রতন খাসনবিশ বলেন, পারস্পরিক আস্থা ও বিশ্বাসই পারে দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটাতে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মেধা চর্চাকারী প্রতিষ্ঠানগুলো অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ওপরও জোর দেন তিনি।
প্রবন্ধের ওপর আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মাসফি বিনতে শামস বলেন, "ভারত ও বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক ঐতিহাসিক ও অর্থনৈতিক। অদূর ভবিষ্যতে এই অঞ্চলের সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি ইতিবাচক ভূমিকা পালন করবে।"
ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় করার ওপর জোর দিয়ে বলেন, যদি কোনো দেশ উন্নতি করতে চায় তবে অবশ্যই পতিবেশীদের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে।
এতে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, ঢাবির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জয়তী ভট্টাচার্য প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24