রংপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ ছাত্র সংসদ (রমেকসু) নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচদফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১১টায় কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে দুইঘণ্টা কলেজের সামনে ঢাকা-রংপুর-দিনাজপুর সড়ক অবরোধ করে।
আন্দোলনরত শিক্ষার্থী মেহেদী হাসান, আমিনুল হক, মেরাজুল হক, আশফাকুল হক, খন্দকার পুলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না।
রমেকসু নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে বলে জানান তারা।
তাদের বাকি দাবিগুলো হলো হোস্টেলে চুরি বন্ধ করা, ছিনতাই ও চাঁদাবাজির অবসান, অধ্যক্ষের অপসারণ এবং ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি কোনো দাবি নয়। যখন সময় হবে তখনই নির্বাচন দেওয়া হবে।"
সদর থানার ওসি আলতাফ হোসেন জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে দুপুর সোয়া একটার দিকে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩১ ঘ.
bdnews24