খুলনা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় শ্রমিক নেতা মোদাচ্ছের হোসেন হত্যার ঘটনায় মামলা হয়েছে।
রোববার সকালে নিহতের স্ত্রী পারুল বেগম বাদি হয়ে আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তির বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলাটি করেন বলে পুলিশ জানিয়েছে।
আসামিরা হলেন- ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি কলম সরদার ও তার ছেলে দারোগা, যুবলীগ নেতা শাহাদাত মিনা, আহাদাত মিনা, রাজা মিনা, কাজল, আজাদ ও জাফর।
বৃহস্পতিবার দুর্বৃত্তের গুলিতে মহেশ্বরপাশা খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রম সম্পাদক মোদাচ্ছের হোসেন নিহত হন।
এর আগে গত ২৫ জুন মহেশ্বরপাশা খাদ্য গুদামের শ্রমিক আবদুস সালামকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আরো তিন শ্রমিককেও হত্যার চেষ্টা করা হয়।
দৌলতপুর থানার ওসি আনোয়ারুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এদিকে, মোদাচ্ছের হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সিএসডি ওয়ার্কার্স ইউনিয়নে সপ্তাহব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে রোববার সকালে মিল গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
বিকালে দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে মানিকতলা মাসজিদুল মেরাজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪৬ ঘ.
bdnews24