২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলায় বাবর-মুজাহিদের অব্যাহতি আবেদনের শুনানি

২১ অগাস্টের গ্রেনেড হামলার দুই মামলায় অব্যাহতি চেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদসহ তিন আসামির আবেদনের শুনানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 10:31 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলার দুই মামলায় অব্যাহতি চেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদসহ তিন আসামির আবেদনের শুনানি হয়েছে। রোববার ঢাকার নাজিম উদ্দিন সড়কের বিশেষ এজলাসে বসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন শুনানি গ্রহণ করেন। অন্য যে আসামির অব্যাহতির আবেদনের শুনানি হয়েছে, তিনি হলেন মাওলানা আবু তাহের। বাবরের শুনানি রোববার সম্পূর্ণ হয়নি। বাকি আসামিদের শুনানির জন্য বিচারক আগামী ৩০ অক্টোবর দিন ঠিক করেছেন। সেদিন বাবরের অবশিষ্ট শুনানিও হবে। এ দুই মামলার নতুন আসামিদের মধ্যে ১২ জন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বখশ চৌধুরী এবং খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়েছে। রোববার শুনানির সময় কারাবন্দি ৩২ আসামিকে কড়া নিরাপত্তায় বিশেষ এজলাসে হাজির করা হয়। এজলাসে স্থান সঙ্কুলান না হওয়ায় রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবী বাদে অন্য আইনজীবী ও সাংবাদিকদের এজলাসে ঢুকতে দেওয়া হয়নি। এ নিয়ে আসামিপক্ষের আইনজীবীরা উষ্মা প্রকাশ করেন। এ দুই মামলায় আগে আসামির সংখ্যা ২২ জন হলেও এ বছরের মাঝামাঝিতে অধিকতর তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। তাতে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, বিএনপির সাবেক সংসদ সদস্য বাবর, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ৩০ জনের নাম যোগ হয়। আসামিদের মধ্যে তারেকসহ ১৯ জন পলাতক রয়েছেন। জামিনে রয়েছেন ঢাকার ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় দলীয় নেত্রী আইভি রহমান (বর্তমান রাষ্ট্রপতির স্ত্রী)সহ অন্তত ২৪ জন নিহত হন। ওই ঘটনায় মামলার তদন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিলো বলে অভিযোগ রয়েছে। চার বছর পর সিআইডি গত তত্ত্বাবধায়ক সরকারের সময় অভিযোগপত্র দেয়। এরপর বর্তমান সরকার আমলে অধিকতর তদন্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪১৬ ঘ.