২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সুরঞ্জিত সেনগুপ্ত সাব সেক্টর কমান্ডার ছিলেন না'

আওয়ামী লীগ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডার ছিলেন না বলে দাবি করেছেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা এম হামিদুল্লাহ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডার ছিলেন না বলে দাবি করেছেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা এম হামিদুল্লাহ খান। শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, "৫ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন/ফ্লাইট লেফটেন্যান্ট মাহফুজুর রহমান ভূঁইয়া।" মুক্তিযুদ্ধকালীন ন্যাপ নেতা সুরঞ্জিত গত ২০ অক্টোবর সংসদে বক্তব্যে নিজেকে সাব সেক্টর কমান্ডার দাবি করেন- এ কথা উল্লেখ করে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ তার বিবৃতিতে বলেন, "বাবু সুরঞ্জিত সেনগুপ্তকে ৫ নং সেক্টরের বড়ছড়া সাব সেক্টরের সংগঠক করা হয়েছিলো।" "প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ কলকাতা ও আগরতলায় জড়ো হওয়া সমস্ত এমএনএ ও এমপিএদের বিভিন্ন সেক্টরের সাব সেক্টরে এবং হোল্ডিং ক্যাম্পগুলোয় রাজনৈতিক সংগঠক হিসেবে নিয়োজিত করেছিলেন", বলা হয় বিবৃতিতে। অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ নিজের প্যাডে সই করা বিবৃতিতে বলেন, "ওই সংগঠকদের সাব সেক্টরে থাকা-খাওয়ার ব্যবস্থা না থাকায় সংগঠকরা মাঝে-মধ্যে সাব সেক্টরে আসতেন।" ১৯৭২ সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রভোস্ট মার্শাল থাকার কথা উল্লেখ করে বিবৃতিতে হামিদুল্লাহ খান বলেন, এ সুবাদে সশস্ত্র বাহিনীর সব ঊর্ধ্বতন কর্মকর্তা, সেক্টর কমান্ডার, সাব সেক্টর ও দেশের অভ্যন্তরে গঠিত মুক্তিযুদ্ধের সহায়ক গ্র"প, দল ও নেতাদের বিষয়ে সম্যক অবগতির জন্য সশস্ত্র বাহিনীর সদর দপ্তরে যোগাযোগ করে তথ্য আদান-প্রদান করতেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৫১ ঘ.