ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন দেশের জনগণ তাতে বিস্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় খালেদার উদ্দেশে তিনি বলেন, "মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে যুদ্ধাপরাধীদের পক্ষে প্রকাশ্যে কথা বলছেন, এতে দেশের জনগণ বিস্মিত হয়েছে। এমনকি বিএনপির মধ্যেও যারা মুক্তিযোদ্ধা আছে তারাও লজ্জিত হচ্ছেন।"
গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ রোডমার্চের পথে বগুড়ায় এক জনসভায় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, "এটা বিচার নয়, প্রহসন। চার দলকে নিশ্চিহ্ন করার জন্য সরকার এই বিচার করছে। এজন্য নিজামী সাহেব, মুজাহিদ, সাঈদী ও সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।"
এর প্রতিক্রিয়ায় নাসিম বলেন, জামায়াতের পরামর্শেই খালেদা জিয়া আন্দোলনে নেমেছেন।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ সরকার মেয়াদের বাকি সময়ের মধ্যেই দেশের সঙ্কটগুলোর সমাধান করে ফেলবে। যুদ্ধাপরাধীদের বিচারও সম্পন্ন করবে। এ কারণেই উনি (খালেদা) মাঠে নেমেছেন।"
"কিন্তু আন্দোলনের ভয় দেখিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা যাবে না", যোগ করেন নাসিম।
গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীসহ পাঁচ শীর্ষ নেতাকে গ্রেপ্তর করা হয়েছে। এছাড়া এ মামলায় কারাগারে আছেন সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিএনপির দুই জন।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা
অন্তর্বতীকালীন সরকার গঠন ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে বিএনপিকে আন্দোলন না করে সরকারের কাছে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাসিম।
তিনি বলেন, "আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।"
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়ে বিরোধী দলের দাবি প্রসঙ্গে নাসিম বলেন, "লতিফুর, ইয়াজউদ্দিন, ফকরুদ্দীনের সময় তত্ত্বাবধায়ক সরকারের নামে যা হয়েছে সেকারণেই তত্ত্বাবধায়ক সরকারে আর ফেরা যাবে না।"
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার চলতি বছর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করলে এর প্রতিবাদে হরতাল করে বিএনপিসহ সমমনা দলগুলো।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক ব্যবস্থাতেই হতে হবে।
এর জবাবে নাসিম বলেন, "অনেকে বলছে, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে ফের ওয়ান-ইলেভেন আসবে, কিন্তু আমি বলতে চাই, আর ওয়ান-ইলেভেন আসবে না।"
'রোড মার্চের নামে রোড ব্লক করে জনদুর্ভোগ সৃষ্টি এবং তারেক, কোকো ও যুদ্ধাপরাধীদের বিচার' শিরোনামে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ন কবির মিজি বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/জেকে/১৬৩৩ ঘ.
bdnews24