ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তিনি নিরপেক্ষ না হওয়ায় বিএনপি জাতীয় সংসদের ফিরে যাওয়ার কথা বিবেচনা করছে না।
শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ফারুক বলেন, "স্পিকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি নিরপেক্ষ হলে আমাদের জমা দেওয়া অন্তত একটি নোটিসের ওপর আলোচনা করতে দিতেন। তাই এ রকম অকার্যকর সংসদে যাওয়ার বিষয়টি আমরা বিবেচনা করছি না।"
নবম সংসদে একাদশ অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার। এ অধিবেশনের শুরুতে স্পিকার আবদুল হামিদ প্রধান বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহবান জানান।
অবশ্য বিরোধী দলের প্রধান হুইপ স্পিকারের এ আহ্বান নাকচ করেছেন।
তিনি বলেন, "স্পিকার নিরপেক্ষ হলে, তিনি ডান-বাম চোখে সমান দেখলে কিংবা দুই কানে সমান শুনতে পারলে সংসদ কার্যকর থাকতো। তত্ত্বাবধায়ক সরকার বিল উত্থাপিত হলে আমরা সংসদে যাওয়ার বিষয়টি বিবেচনা করবো।"
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং ব্যর্থ অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে দেওয়া বক্তৃতায় ফারুক পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি প্রসঙ্গে বলেন, "বিশ্বব্যাংক বলেছে আবুল হোসেন দুর্নীতিবাজ। কিন্তু অআমাদের প্রধানমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার মতো তাকে রক্ষার চেষ্টা করছেন।"
খালেদা জিয়ার নেতৃত্বে সিলেট ও চাঁপাই নবাবগঞ্জ অভিমুখে রোড মার্চ ও জনসভায় মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী উন্মাদ হয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা আবু নাসের মো. রহমাতুল্লাহ, কৃষক দলের শাহজাহান সম্রাট, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি এম এম মেহবুবুর রহমান, মহানগর সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন শাহিন, জিয়া সেনার সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৪২৩ ঘ.
bdnews24