চাঁপাই নবাবগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাই নবাবগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাস্থলে পৌঁছেছেন খালেদা জিয়া।
নওগাঁ পথসভার পর রোড মার্চ করে বিকাল ৫টা আট মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর এখানে পৌঁছায়। চাঁপাই নবাবগঞ্জের প্রবেশপথের দুই ধারে নেতা-কর্মী-সমর্থকরা ফুল ছিটিয়ে নেত্রীর গাড়িবহরকে অভিনন্দন জানায়।
তার গাড়িবহর মাঠের প্রবেশপথে পৌঁছালে নেতা-কর্মী-সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। মঞ্চে উঠে হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন খালেদা জিয়া।
চার দলের উদ্যোগে এই জনসভায় বক্তব্যের মধ্য দিয়ে খালেদা জিয়া চাঁপাই নবাবগঞ্জ রোড মার্চের সমাপ্তি টানবেন।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে দুপুর আড়াইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়।
এই জনসভার মঞ্চে চার দলের শীর্ষ নেতারা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন।
মঙ্গলবার ঢাকা থেকে রোড মার্চ শুরু করে বগুড়ায় রাতে যাত্রাবিরতি করেন খালেদা। বুধবার সকাল ১১টায় বগুড়া সার্কিট হাউজ থেকে বিরোধীদলীয় নেতা চাঁপাই নবাবগঞ্জ অভিমুখে রোড মার্চ শুরু করেন। পথে নওগাঁ এ টিম খেলার মাঠে পথসভায় বক্তব্য দেন তিনি।
এরপর খালেদা জিয়ার গাড়িবহর রাজশাহীর ওপর দিয়ে চাঁপাই নবাবগঞ্জ পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রমের সময় বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গগঠন এবং জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানায়।
মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিংয়ের কাছ থেকে এই রোড মার্চ শুরু হয়।
এই রোড মার্চে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ, সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ সমমনা দল ও পেশাজীবী নেতারা অংশ নিচ্ছেন।
দুই দিনের এই রোড মার্চের প্রথম দিন খালেদা জিয়া বগুড়া আলফাতুন্নেসা খেলার মাঠে জনসভা এবং গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইলের ভুয়াপুর ও সিরাজগঞ্জের হাটিকুমরুলে তিনটি পথসভায় বক্তব্য দেন।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জ শহরে রঙ্গিন তোরণ ও ব্যানার-ফেস্টুন স্থাপন করেছেন দলের নেতা-কর্মীরা। বিভিন্ন স্থানে জিয়াউর রহমান, খালেদা জিয়ার আলোকচিত্রের পাশাপাশি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাত নাড়ানো বড় আকারের প্রতিকৃতি সবার দৃষ্টি কাড়ে।
২০০৮ সালের নির্বাচনের পর চার চাঁপাই নবাবগঞ্জে এটি খালেদা জিয়ার প্রথম জনসভা।
গত ২৭ সেপ্টেম্বর খালেদা জিয়া রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চার দলের জনসভা থেকে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেন। গত ১০ অক্টোবর তার নেতৃত্বে ঢাকা-সিলেট রোড মার্চ করে চার দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭৩৫ ঘ.
bdnews24