বগুড়া, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপির ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রোড মার্চের দ্বিতীয় দিনে বগুড়া থেকে নওগাঁ পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
দুপুর সোয়া ১টার দিকে খালেদার গাড়িবহর নওগাঁ পৌঁছায়। সেখানে এটিম খেলার মাঠে তিনি পথসভায় বক্তব্য দেবেন।
এর আগে সকাল ১১টায় খালেদার গাড়িবহর বগুড়া সার্কিট হাউজ থেকে যাত্রা শুরু করে।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁপাই নবাবগঞ্জের পথে
নওগাঁয় একটি পথসভায় বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা। এরপর চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে সেখানে এক জনসভার মধ্যে দিয়ে শেষ হবে এই রোড মার্চ।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে এই রোডমার্চ শুরুর পর পথে গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইলের ভুয়াপুর ও সিরাজগঞ্জে হাটিকুমরুলে পথসভা করেন খালেদা জিয়া। এসব পথসভায় দেওয়া বক্তব্যে তিনি সরকারের কড়া সমালোচনা করেন।
বিকালে বগুড়া পৌঁছে এক জনসভায় বিএনপি চেয়ারপার্সন সরকার পতনে আগামীতে ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দেন।
বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত এ জনসভায় বক্তব্য দিতে বিকাল ৫টায় মঞ্চে ওঠেন খালেদা। ৪০ মিনিটের বক্তব্যে তিনি সরকারের বিরুদ্ধে অপশাসন ও দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি 'ব্যর্থতার' চিত্র তুলে ধরেন এবং যুদ্ধাপরাধের বিচারকে 'প্রহসন' অখ্যায়িত করেন।
নেতা-কর্মীদের তিনি বলেন, "সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাদের হাতে দেশের স্বাধীনতা ও জনগণ আর নিরাপদ নয়। তাই আজ সরকারের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। তাদের পতন ও বিদায়ের জন্য ভবিষ্যতে এভাবে জনগণকে ঢাকার অভিমুখে এগোতে হবে।"
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পূনর্বহাল ও দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে গত ২৭ সেপ্টেম্বর খালেদা এই রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেন। প্রথম রোড মার্চ সিলেট অভিমুখে হয় ১০ অক্টোবর।
উত্তরা থেকে বগুড়া
মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢাকার উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে ২ হাজারেরও বেশি গাড়ির এই রোড মার্চ শুরু হয়।
দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে পৌঁছে পথসভায় খালেদা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার বিষয়ে অনড় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এরশাদকে নিয়ে নির্বাচন করার যে স্বপ্ন দেখছেন, সে গুঁড়েও বালি পড়বে।
কালিয়াকৈর বাইপাস সড়কের সাহেব বাজারে এই পথসভা হয়।
এর পরই তার গাড়ি বহর টাঙ্গাইলের পথে রওয়ানা হয়। ভুয়াপুরে পথসভায় বিএনপি চেয়ারপারসন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবির পাশাপাশি পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির চিত্র তুলে ধরেন।
বেলা পৌনে ৩টায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে পৌঁছে সেখানে তৃতীয় পথসভায় বক্তব্য দেন তিনি। সভায় বিরোধীদলীয় নেতা সরকারবিরোধী আন্দোলন জোরদারের অঙ্গীকার করে বলেন, "এ আন্দোলনে সরকার জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে।"
এ পথসভার পর বৃষ্টির মধ্যে গাড়িবহন নিয়ে বগুড়া রওনা হন তিনি। বিকাল ৫টার দিকে তিনি সরাসরি বগুড়ার জনসভাস্থল আফলাতুন্নেসা খেলার মাঠে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/আরএ/১৪০০ ঘ.
bdnews24