২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বিঘায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বহু আলোচিত ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতার প্রবেশদ্বার তিনবিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিতে বুধবার দহগ্রাম ছিটমহলে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 04:12 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

লালমনিরহাট, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহু আলোচিত ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতার প্রবেশদ্বার তিনবিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিতে বুধবার দহগ্রাম ছিটমহলে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ারদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার কুর্মিটোলা বিমান বন্দর থেকে বিমানে করে সৈয়দপুর যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকাপ্টারে লালমনিরহাট পৌঁছাবেন। দুপুরে দহগ্রাম ইউনিয়নে গিয়ে তিনবিঘা করিডোর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরামেরও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। বিকেলে লালমনিরহাট পাটগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের এক জনসভায় বক্তৃতা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব আয়োজন শেষ হয়েছে। জনসভায় বিপুল সংখ্যক লোক সমাগম হবে বলে আশা করছি আমরা।" এর আগে বেলা ১২টায় দহগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন এবং ১০ শয্যার দহগ্রাম হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১২টার দিকে দহগ্রাম দ্বিমূখী বিদ্যালয় প্রাঙ্গণে দহগ্রাম-আঙ্গোরপোতা বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন শেষে পৌনে ১টার দিকে তিন বিঘা করিডোর পরিদর্শনে যাবেন তিনি। পরে বেলা ৩টায় পাটগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদেরও জনসভায় বক্তব্য দেওয়ার কথা বয়েছে। তিন বিঘা করিডোর গত ৬ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই প্রধানমন্ত্রীর ঘোষণার দুই দিনের মাথায় ৮ সেপ্টেম্বর সব সময়ের জন্য খুলে দেওয়া হয় দহগ্রাম-আঙ্গরপোতার প্রবেশদ্বার তিনবিঘা করিডোর। এর আগ পর্যন্ত ওই করিডোর দিয়ে ভারতের নিরাপত্তারক্ষীদের পাহারার মধ্যে কেবল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল করতে পারতো বাংলাদেশিরা। সন্ধ্যার পর বন্ধ হয়ে যেতো 'তিন বিঘা গেইট'। । কাগজে-কলমে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অধীন হলেও দহগ্রাম ও আঙ্গরপোতা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলে যাওয়ার পথ হিসেবে ১৯৯২ সালের ২৬ জুন তিন বিঘা জমি ইজারা পায় বাংলাদেশ। এটিই পরিচিত হয় তিন বিঘা করিডোর নামে। ৮ সেপ্টেম্বর এই করিডোর সব সময়ের জন্য খুলে দেওয়ার পর উল্লাসে মেতে ওঠে ছিটমহলের বাসিন্দারা। তাদের কাছে এ যেন 'সত্যিকারের' স্বাধীন হওয়ার আনন্দ। বুধবার তিন বিঘায় উপস্থিত হয়ে সেই 'স্বাধীনতারই' আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ভেতরে ১১১টি ভারতীয় ছিটমহল এবং ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। ১৯৭৪ সালের চুক্তির আওতায় চলতি বছর স্বাক্ষরিত প্রটোকলের মাধ্যমে এসব ছিটমহল বিনিময় করবে দুই দেশ। এছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার অচিহ্নিত সীমানা এবং অপদখলীয় ভূমি সমস্যারও সমাধান করা হবে এর মাধ্যমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১০০৪ ঘ.