২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনশনের রাজনীতিকীকরণ হয়েছে: মুহিত

পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে বিনিয়োগকারীদের অনশনে সংহতি জানিয়ে কয়েকজন রাজনৈতিক নেতা এ কর্মসূচির 'রাজনীতিকীকরণ' করেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে বিনিয়োগকারীদের অনশনে সংহতি জানিয়ে কয়েকজন রাজনৈতিক নেতা এ কর্মসূচির 'রাজনীতিকীকরণ' করেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ বিষয়টিকে এভাবে রাজনীতিকীকরণ করলে বিনিয়োগকারীদেরই সমস্যা হবে।" পুঁজিবাজারের টানা দরপতনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত রোববার ডিএসইর সামনে অনশন শুরু করেন ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। এক পর্যায়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, জাসদ নেতা আসম আব্দুর রবসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ অনশনস্থলে গিয়ে বিনিয়োগকারীদের পাশে থাকার ঘোষণা দেন। সোমবার সকালে পুলিশ ডিএসইর সামনে থেকে অনশনকারীদের সরিয়ে দেয়। বিনিয়োগকারীদের দাবি মেনে আয়কর রেয়াতের মতো প্রণোদনার ঘোষণাসহ একটি উপদেষ্টা কমিটি করার কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পুঁজিবাজারে দরপতনের জন্য বাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় দায়িত্বপ্রাপ্তদের দায়ী করে ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার বলেন, "শেয়ারবাজারে দরপতনের কারসাজিতে যারা জড়িত, তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে।" তিনি একে 'শুটকির হাটে বিড়ালকে দায়িত্ব দেওয়া'র সঙ্গে তুলনা করেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুহিত সাংবাদিকদের বলেন, "আমরা তো কাউকে দায়িত্ব দেয়নি। তারা নিজেরাই দায়িত্ব নিয়েছে।" গত দু সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট কমার পর রোববারও ব্যাপক দরপতন হয়। সোমবার সূচক বাড়লেও লেনদেন হয় নয় মাসের মধ্যে সবচে কম। আর মঙ্গলবার লেনদেন শেষে সূচক ১১৬ দশমিক ৪৭ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৩০৭ দশমিক ৪৩ পয়েন্ট। পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মঙ্গলবার বলেন, "সেকেন্ডারি বাজার ঠিক করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এর পরেও বাজার স্বাভাবিক অবস্থায় ফিরছে না। কীভাবে ঠিক হবে আমি জানি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এআরএইচ/আরবি/জেকে/১৮৫৬ ঘ.