২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত আরো পাঁচ আসন আ. লীগই পাচ্ছে

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংসদে সংরক্ষিত আরো পাঁচ নারী আসন ক্ষমতাসীন আওয়ামী লীগই পাচ্ছে। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 05:22 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংসদে সংরক্ষিত আরো পাঁচ নারী আসন ক্ষমতাসীন আওয়ামী লীগই পাচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আওয়ামী লীগ চারটি আসন পেলেও দলটির সবচেয়ে বেশি নারী আসন থাকায় 'অবশিষ্টটি'ও তারা পাচ্ছে। জাতীয় পার্টি ও বিএনপি নতুন কোনো নারী আসন পাচ্ছে না। তবে জামায়াতে ইসলামী জোটভুক্ত থাকলে পাঁচ আসনের একটি পেত। ২০০৪ সালে প্রণীত জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী রাজনৈতিক দল ও জোটের অনুকূলে নতুন পাঁচটি আসন বণ্টন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব বরাবর আসন বণ্টন সংক্রান্ত তথ্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০ আসনে উন্নীত করা হয়। এরপর এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ১০ অগাস্ট নির্বাচন কমিশনে চিঠি পাঠায় সংসদ সচিবালয়। সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন পাঁচটি আসনের মধ্যে কোন্ দল ক'টি পাবে বিদ্যমান আইন অনুযায়ী তা বণ্টন করে সংসদ সচিবালয়কে জানানো হয়েছে।" ইসি সাংসদদের ভোটার তালিকা প্রকাশ করার পর আগামী মাসে এ আসনগুলো পূরণে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানান সাখাওয়াত। আইন অনুযায়ী সংরক্ষিত নারী আসনের চেয়ে বেশি প্রার্থী থাকলে ৩০০ আসনের সাংসদের ভোটে এ সাংসদদের নির্বাচিত হওয়ার কথা। আসনের সমান সংখ্যক প্রার্থী থাকলে আর ভোটের প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহারের দিনেই তাদের নির্বাচিত ঘোষণা করে ইসি। যেভাবে আসন বণ্টন ইসি সচিবালয়ের উপ সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবিধানের ৫০ সংরক্ষিত আসন সংসদের ৩০০ আসনের বিপরীতে ভাগ করে দল বা জোটের অনুকূলে আসন বণ্টন করা হয়েছে।" সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি আসনের বিপরীতে সংরক্ষিত আসন দাঁড়ায় শূন্য দশমিক ১৭টি। এই কর্মকর্তা বলেন, "আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন জোটের (নৌকা প্রতীকে আওয়ামী লীগসহ অন্য দল জাসদ-৩, ওয়ার্কার্স পার্টি ২ ও স্বতন্ত্র ৩) ২৩৯ আসনের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ হয় ৩৯ দশমিক ৮৩টি, পূর্ণ সংখ্যায় এ আসন দাঁড়ায় ৪০-এ। মহাজোটভুক্ত হলেও নারী আসন ভাগাভাগিতে স্বতন্ত্র থাকায় গত নির্বাচনে সংসদের তিনশ আসনের মধ্যে ২৫ আসন পাওয়া জাতীয় পার্টি নতুন কোনো সংরক্ষিত আসন পাচ্ছে না। দলটি সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে মহিলা আসন পায় ৪ দশমিক ১৭টি। বর্তমানে জাতীয় পার্টির ৪টি আসন রয়েছে। বিরোধী দল বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট (বিজেপি-১) ৩২ আসনের জন্য সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে মহিলা আসন পায় ৫ দশমিক ৩৩টি। বর্তমানে তাদের ৫টি সংরক্ষিত আসন বরাদ্দ থাকায় নতুন করে তারা আর কোনো সংরক্ষিত আসন পাচ্ছে না। ইসি উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ জানান, নবম সংসদের ফল গেজেটে প্রকাশের ২১ দিনের মধ্যে নারী আসন ভাগাভাগির জাতীয় পার্টি ও জামায়াত জোটের বাইরে আলাদা অবস্থান নেয়। "জামায়াত বিএনপি'র জোটে থাকলে হয়ত ৫০ মহিলা আসনের মধ্যে আওয়ামী লীগ ৪০, জাপা ৪, বিএনপি ৫- এর বাইরে বাকি আসনটি এ জোটে থাকতে পারতো।" সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জামায়াতের ২ আসনের জন্য শূন্য দশমিক ৩৩টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও স্বতন্ত্র এক আসনের জন্য শূন্য দশমিক ১৭টি মহিলা আসন বরাদ্দ থাকায় (পূর্ণ সংখ্যা হয় না) দলগুলো সংরক্ষিত নারী আসনের কোনো আসন পায়নি। বড় জোটের ভাগেই একটি সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন জোট ৪০ আসন বরাদ্দ পায়। বর্তমানে দলটির রয়েছে ৩৬ মহিলা আসন। নতুন বরাদ্দ পাঁচটির মধ্যে চারটি আওয়ামী লীগের। নির্বাচন কমিশনের উপ সচিব মিহির বলেন, "বণ্টন করা ৫০ আসনের মধ্যে একটি বাকি রয়েছে। এ পরিস্থিতিতে সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন অনুযায়ী যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে সর্বাধিক সংখ্যক নারী আসন থাকবে সে দল বা জোটের অনুকূলে তা বন্দন করা হবে।" তিনি জানান, এ কারণে অতিরিক্ত আসনটি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের মহিলা আসন দাঁড়ায় (চার ও অতিরিক্ত এক) পাঁচটি। এ নিয়ে দলটির মোট নারী আসন দাঁড়ায় ৪১টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩০১ ঘ.