২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটিকুমরুলে পথসভায় অনড় বিএনপি

প্রশাসনের অনুমতি না মিললেও সিরাজগঞ্জের হাটিকুমরুলে খালেদা জিয়ার রোড মার্চের পথসভা করার ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের অনুমতি না মিললেও সিরাজগঞ্জের হাটিকুমরুলে খালেদা জিয়ার রোড মার্চের পথসভা করার ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি। সোমবার জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পথসভার ঘোষণা দেন ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রোড মার্চের উত্তরাঞ্চলের সমন্বয়কারী, সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার খালেদার রোড মার্চের শুরুর দিনে দুপুরে হাটিকুমরুলে পথসভার অনুমতি চেয়ে স্থানীয় বিএনপি জেলা প্রশাসনের কাছে আবেদন করে প্রত্যাখ্যাত হয়। পথসভার কারণে যানজট এবং তা থেকে অপ্রীতিকর ঘটনার শঙ্কার কথা জানিয়ে অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া গত বছর সিরাজগঞ্জের সয়দাবাদে রেললাইনের পাশে খালেদার জনসভার সময় দুর্ঘটনার বিষয়টিও মাথায় রাখা হয় বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা। ২০১০ সালের ১১ অক্টোবর জনসভার সময় ট্রেনে কাটা পড়ে সাত জনের মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ বিএনপিকর্মীরা ট্রেনে আগুন দেয়। সংবাদ সম্মেলনে টুকু বলেন, "বাধা এলে প্রতিহত করা হবে। এমনকি ১৪৪ ধারা জারি করে প্রশাসন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলে তা ভঙ্গ করা হবে।" তিনি বলেন, হাটিকুমরুল গোলচত্বরের এলজিইডি মার্কেটের সামনে দুপুর ১টার পথসভা হবে। এছাড়া সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কের দু'পাশে দাঁড়িয়ে কর্মী-সমর্থকরা খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। টুকু অভিযোগ করেন, "প্রশাসন পথসভাকে বাধাগ্রস্ত করতে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে ও মামলার ভয় দেখিয়ে যানবাহন মালিকদেরকে গাড়ি না দেওয়ার জন্যও চাপ দিচ্ছে।" সংবাদ সম্মেলনে সংসদ সদস্য রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সস্পাদক মোকাদ্দেস আলী, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮০০ ঘ.