২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনতাসীর মামুনের সমালোচনায় শাজাহান খান

সংবাদপত্রে প্রকাশিত এক কলামে পরিবহন শ্রমিকদের 'খান সেনা' হিসেবে উল্লেখ করায় গবেষক মুনতাসীর মামুনের সমালোচনা করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্রে প্রকাশিত এক কলামে পরিবহন শ্রমিকদের 'খান সেনা' হিসেবে উল্লেখ করায় গবেষক মুনতাসীর মামুনের সমালোচনা করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের স্টেশন রোডে বিআরটিসি টার্মিনাল চত্বরে এক সমাবেশে তিনি বলেন, "একাত্তরে সড়ক পরিবহন শ্রমিকরা মুক্তিযুদ্ধ করেছেন। অনেক শ্রমিক ভাই নিহত হয়েছেন। আর আপনি তাদের খান সেনা বলছেন।" "আপনি অর্বাচীনের মতো কথা বলে বিভ্রান্তি ছড়ালেন। আপনি কি অরাজকতার সৃষ্টির লক্ষ্য নিয়ে জনগণের সাথে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করতে চান?" প্রশ্ন রাখেন নৌমন্ত্রী। গত অগাস্ট মাসে এক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর অদক্ষ চালকদের লাইসেন্স দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। সে সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, আরো ২০ হাজারেরও বেশি অদক্ষ চালককে লাইসেন্স দেওয়ার জন্য 'চাপ' দিচ্ছেন পরিবহন শ্রমিক নেতা নৌমন্ত্রী শাজাহান খান। এর পরপরই দৈনিক জনকণ্ঠে মুনতাসীর মামুন সেই কলাম লেখেন, যার শিরোনাম ছিল 'হুঁশিয়ার! খান সেনারা এখন রাস্তায়।' 'বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ' আয়োজিত সমাবেশে নৌ মন্ত্রী বলেন, "ভালো বুদ্ধিজীবী হতে হলে সড়ক দুর্ঘটনার কারণ ও তার প্রতিকার নিয়েও লিখতে হবে। দয়া করে পরিবহন শ্রমিকদের ঘাতক বা খান সেনা বলবেন না। তাদের বলতে হবে সেবক।" চালকদের সর্তক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একজন ডাক্তার বা নার্সের ভুলে একজন রোগীর মৃত্যু হয়। আর একজন চালকের ভুলে ৫০ জন যাত্রীর মৃত্যু হতে পারে। মুনতাসীর মামুনের ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে ফেডারেশেনের সাধারণ সম্পাদক ওসমান আলী সমাবেশে বলেন, "তা না হলে বাংলার মানুষ দাঁত ভাঙ্গা জবাব দেবে।" নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনকেও বয়কটের ঘোষণা দেন সমাবেশে উপস্থিত পরিবহন শ্রমিক নেতারা। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, "ইলিয়াস কাঞ্চন চালকদের ঘাতক বলেছেন। তিনি দেশের বিভিন্ন শহরে নিরাপদ সড়কের দাবিতে অনুষ্ঠান করেন। আমরা তাকে সহায়তা করি। এখন থেকে তার সব অনুষ্ঠান বয়কট করব।" নৌ মন্ত্রীর পদত্যাগের দাবি প্রসঙ্গে ওসমান বলেন, "যেসব কথিত বুদ্ধিজীবীর দেশে কোনো অবদান নেই, তারাই শাজাহান খানের পদত্যাগের দাবি তোলেন। তিনি পদত্যাগ করলে দেশে গাড়ির চাকা ঘুরবে না।" চট্টগ্রাম, ফেনী, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা এই সমাবেশে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২১১৮ ঘ.