সিরাজগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটিকুমরুলে মহাসড়কের পাশে খালেদা জিয়ার রোড মার্চের পথসভা করার অনুমতি দেয়নি সিরাজগঞ্জ জেলা প্রশাসন।
বিএনপি চেয়ারপারসনের ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জমুখী রোড মার্চের সময় ১৮ অক্টোবর হাটিকুমরুলে পথসভার পরিকল্পনা ছিলো।
ওই দিন দুপুরে হাটিকুমরুল গোলচত্বরের পাশের এলজিইডি মার্কেট মাঠে পথসভার অনুমতি চেয়ে স্থানীয় বিএনপি জেলা প্রশাসনের কাছে অনুমতি চায়।
তবে মহাসড়কের পাশে জনসভা হলে গাড়ি চলাচল ব্যাহত হবে জানিয়ে প্রশাসন একটি চিঠিতে অনুমতি না দেওয়ার বিষয়টি বিএনপি নেতাদের জানিয়েছেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মাদ গোলাম রব্বানী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পথসভার কারণে সড়ক অল্প সময়ের জন্য বন্ধ থাকলেও মহাসড়কের চারিদিকে প্রচুর পরিমাণে যানবাহন আটকা পড়ে অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
"এ অবস্থায় যানবাহনের যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে রোডমার্চে অংশগ্রহণকারীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার আশঙ্কাও রয়েছে।"
অনুমতি না দেওয়ার ক্ষেত্রে গত বছর সিরাজগঞ্জের সয়দাবাদে রেললাইনের পাশে খালেদার জনসভার সময় দুর্ঘটনার বিষয়টিও মাথায় রাখা হয় বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা।
২০১০ সালের ১১ অক্টোবর জনসভার সময় ট্রেনে কাটা পড়ে সাত জনের মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ বিএনপিকর্মীরা ট্রেনে আগুন দেয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোকাদ্দেস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার তারা প্রশাসনের চিঠি পেয়েছেন।
হাটিকুমরুল এলাকায় প্রশাসনের 'সুবিধাজনক' স্থানে পথসভা করার অনুমতি চেয়ে শুক্রবার আবার জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে জানান তিনি।
তবে এলজিইডি মার্কেট মাঠে পথসভার অনুমতি না পাওয়ার প্রতিক্রিয়ায় মোকাদ্দেস বলেন, "সরকারের উচ্চ পর্যায়ের চাপে অপ্রীতিকর ঘটনার অজুহাত দেখিয়ে প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনের জনসভায় ঢাকা-সিলেট ও ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রোড মার্চের কর্মসূচি দেন বিরোধীদলীয় নেতা খালেদা।
চারদলীয় জোটের নেতা-কর্মীদের প্রায় দেড়হাজার গাড়ির বহর নিয়ে সিলেট রোড মার্চ করে এসেছেন তিনি। আগামী ১৮ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ রোড মার্চ শুরু করবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৫২০ ঘ.
bdnews24