ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি দলীয় সংসদ সদস্য মাহবুবউদ্দীন খোকন, আসিফা আশরাফী পাপিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেছেন এক আইনজীবী।
মামলার অন্য আসামিরা হলেন- গোলাম কিবরিয়া, আমিনুল হক সানু ও রফিকুল ইসলাম মেহেদী।
বৃহস্পতিবার বিকালে বিএনপিপন্থি আইনজীবী মাহমুদুল আরেফিন মামলাটি করেছেন বলে জানান ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এজাহারে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ধানমণ্ডির স্টার কাবাব রেস্তোরাঁর দ্বিতীয় তলায় মারধরের অভিযোগ করেন আরেফিন।"
"ওই পাঁচজনসহ সাত-আটজন মারধর করে হাতঘড়ি ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন বলেও আরেফিন অভিযোগ করেছেন", যোগ করেন পুলিশ পরিদর্শক আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১১৩ ঘ.
bdnews24