২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনের নামে চোরতন্ত্র চান খালেদা: হানিফ

নতুনদের ক্ষমতায় বসানোর নামে খালেদা জিয়া দেশে গণতন্ত্রের পরিবর্তে 'চোরতন্ত্র' প্রতিষ্ঠা করতে চান বলে মন্তব্য করেছেন মাহবুব-উল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুনদের ক্ষমতায় বসানোর নামে খালেদা জিয়া দেশে গণতন্ত্রের পরিবর্তে 'চোরতন্ত্র' প্রতিষ্ঠা করতে চান বলে মন্তব্য করেছেন মাহবুব-উল আলম হানিফ। গত ১০ অক্টোবর বিএনপির করা ঢাকা-সিলেট রোড মার্চকে 'প্রচুর বিলাসবহুল গাড়ির প্রদর্শনী' হিসাবেও অভিহিত করেছেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ সব মন্তব্য করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ। তিনি বলেন, "খালেদা জিয়া নতুন প্রজন্মের নাম করে তার দুর্নীতিবাজ দুই পুত্রকে ক্ষমতায় বসাতে চান।" "দেশের সাবেক প্রধানমন্ত্রী [খালেদা জিয়া] জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন," উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, "এমনকি, তার দুই ছেলে পিতার নামে অরফানেজ ট্রাস্ট করে এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া টাকা আত্মসাৎ করেছে।" "আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই দুর্নীতিবাজদের ক্ষমতায় বসানোর মাধ্যমে দেশে তিনি [খালেদা জিয়া] চোরতন্ত্র প্রতিষ্ঠা করতে চান?", প্রশ্ন তোলেন হানিফ। রোড মার্চের পরদিন (১১ অক্টোবর) সিলেটে চার দলের জনসভায় বিএনপি চেয়ারপার্সনের দেওয়া বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ওই জনসভায় খালেদা বলেছিলেন, আগামী নির্বাচনের পর দেশ পরিচালনার জন্য একটি সঠিক নীতিমালা করে নতুনদের কাছে ক্ষমতা ছেড়ে দেবেন। মুদ্রাপাচারের মামলায় খালেদার বড় ছেলে আরাফাত রহমান কোকোকে গত ২৩ জুন ছয় বছর কারাদণ্ড দেয় ঢাকার জজ আদালত। বিএনপি চেয়ারপার্সনের ছোট ছেলে তারেক রহমানের বিরুদ্ধেও মুদ্রাপাচার মামলা বিচারাধীন। তারা দুজনই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। 'সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা' খালেদা জিয়া সিলেটের জনসভায় বক্তৃতায় সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অপচেষ্টা করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন হানিফ। সিলেটের জনসভায় হিন্দু ধর্মাবলম্বীদের 'আওয়ামী লীগ ছেড়ে' আসার আহ্বান জানান খালেদা। তিনি বলেন, "আওয়ামী লীগ ছেড়ে আসুন। দেখবেন ভালো থাকবেন। অন্যথায় কিছুই পাবেন না।" একইসঙ্গে ওই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শনে যাওয়া এবং তার দেওয়া বক্তব্যে তুলে ধরে সমালোচনা করেন খালেদা। তিনি বলেন, "প্রধানমন্ত্রী পূজা মণ্ডপে গিয়ে বলেছেন, আমাদের মা গজে চড়ে এসেছে। তাহলে কি তার মা দুর্গা? তার তো ধর্মেরই ঠিক নেই।" এর জবাবে হানিফ বলেন, "খালেদা জিয়ার কাছ থেকে কী ধর্মের সার্টিফিকেট নিতে হবে। ওনার কোন্ কোন্ ধর্ম সম্পর্কে জানা আছে? আমরা যতদূর জানি তিনি কোনো ধর্ম পালন করেন না। কোনো ধর্ম পালন করার সুযোগ তার নেই।" আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে 'দলীয়' আখ্যায়িত করে খালেদার দেওয়া বক্তব্যের সমালোচনা করেন তিনি। সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পর তা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপি-প্রধান গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ ব্যবস্থা বিলুপ্তির পক্ষে কথা বলেছিলেন বলে স্মরণ করিয়ে দেন মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, "বিএনপি নেত্রী ২০০৭ সালের ১ জুলাই নিউইয়র্কে পৃথক দুটি টেলিকনফারেন্সে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, 'জনগণই একদিন এই ব্যবস্থার বিলুপ্তি চাইবে'।" এরপর হানিফ বলেন, "জনগণ বিলুপ্তি চায় বলেই আমরা সর্বোচ্চ আদালতের রায় অনুসরণ করে নির্বাচিত জাতীয় সংসদে এই ব্যবস্থা বিলুপ্ত করেছি।" সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পর গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে সাংবিধানিকভাবে বাতিল হয় এ ব্যবস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৪৩ ঘ.