২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বহির্ভূত হত্যা বন্ধের আহ্বান

রাষ্ট্র মানুষের বাঁচার অধিকার কেড়ে নিচ্ছে- এমন অভিযোগ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন জেএসডি নেতা আ স ম আব্দুর রব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্র মানুষের বাঁচার অধিকার কেড়ে নিচ্ছে- এমন অভিযোগ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন জেএসডি নেতা আ স ম আব্দুর রব। বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, "রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের নিরাপত্তা বিধান করা। তা না করে রাষ্ট্র মানুষের স্বাভাবিক মৃত্যুর অধিকার কেড়ে নিচ্ছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এমন আকার ধারণ করেছে যেন দেশে মৃত্যুর মিছিল চলছে।" মুক্তচিন্তা ফোরাম নামের একটি সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'বালাদেশের মানবাধিকার পরিস্থিতি' শীর্ষক এ আলোচনা সভার আয়েজন করে। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর মানুষের আস্থা নেই- এ মন্তব্য করে আ স ম রব বলেন, "আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর মানুষ যখন আস্থা হারায়, তখন তারা নিজ হাতে আইন তুলে নেয়। আমিনবাজারে ছয় ছাত্র হত্যা, নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক কিশোরকে পিটিয়ে হত্যা- এরই প্রমাণ দেয়।" আলোচনা সভায় সৌদি আরবে ৮ বাংলাদেশির শিরচ্ছেদের ঘটনার নিন্দা করেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, "একটা খুনের বদলে আরেকটা খুন, এটা কোনো বিচার হতে পারে না। একটি রাষ্ট্র কখনো জল্লাদের ভূমিকা নিতে পারে না।" ঘটনার শিকার আট জনের মধ্যে চার জনের বাড়ি টাঙ্গাইলে। টাঙ্গাইলের এই সংসদ সদস্য বলেন, "আমি সেখানে দেখেছি শত শত মানুষ এর প্রতিবাদ করেছে, কেঁদে বুক ভাসিয়েছে। অথচ আমার সরকার সেই প্রতিবাদটুকুও করতে পারে নাই।" অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবীর সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইব্রাহিম আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৮৩৯ ঘ.