২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা শাহজাহান গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে নির্বাচিত সাবেক জামায়াত সাংসদ শাহজাহান চৌধুরীসহ দলটির দুনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে নির্বাচিত সাবেক জামায়াত সাংসদ শাহজাহান চৌধুরীসহ দলটির দুনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থেকে নির্বাচিত সাবেক সাংসদ শাহজাহানকে বৃহস্পতিবার বিকালে রাজধানীতে মৎস ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। এদিকে জামায়াতের চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহসহ দুজনকে চট্টগ্রামে আটক করেছে পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের মুরাদপুরে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি, পাঁচলাইশ জোন) আবদুল মান্নানসহ চার পুলিশ সদস্য আহত হয়। এ সময় শিবিরকর্মীরা দুটি বাস, একটি প্রাইভেটকারসহ আটটি গাড়ি ভাঙচুর করে। শাহজাহান চৌধুরী ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। চট্টগ্রাম জামায়াতের প্রচার সম্পাদকসহ দুজনকে ওই সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। রমনা বিভাগের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহজাহান চৌধুরী চট্টগ্রামের একটি মামলার আসামি। চট্টগ্রাম পুলিশের অনুরোধে তাকে হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।" তাকে চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদ উল্লাহ ও জামায়াতকর্মী আখতার হোসেনকে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।" তাদের বিরুদ্ধে গত ১৯ সেপ্টেম্বর পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/সিএম/এএইচ/পিডি/২৩৫৯ ঘ.