ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা চেষ্টা ও চুরির মামলায় চার মাসের আগাম জামিন পেয়েছেন বিএনপি সমর্থক নয় আইনজীবী।
বিএনপি সমর্থক অন্য এক আইনজীবীর দায়ের করা মামলায় ওই নয় আইনজীবী জামিনের আবেদন জানালে বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ তা মঞ্জুর করে।
জামিন পাওয়া আইনজীবীরা হলেন- গাজী কামরুল ইসলাম সজল, আবদুল্লাহ আল মাহবুব, গাজী তৌহিদুল ইসলাম, মো. শাহাদাত হোসাইন, মো. জাফর আলম, মো. আরিফুল ইসলাম, শেখ তাহসিন আলী, এ এইচ এম কামরুজ্জামান মামুন ও মো. নেজামউদ্দিন।
বৃহস্পতিবার প্রথম প্রহরে অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনো শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ১২ অক্টোবর বেলা দেড়টার দিকে একটি মামলায় প্রতিপক্ষের উস্কানিতে আসামিরা জুনোকে মারধর করে সুপ্রিম কোর্ট থেকে বের করে দেয়।
এ সময় আক্রমণকারীরা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন বাদী।
ওই নয় আইনজীবীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বার কাউন্সিলেও আবেদন করেছেন জুনো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৭১৬ ঘ.
bdnews24