ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রীর নামাজ পড়ার কথা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচিতে বলেন, "সংবিধানে সংশোধনী এনে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস বর্জন করেছেন প্রধানমন্ত্রী। এখন তিনি নামাজের কথা বলছেন। আল্লাহর ওপর বিশ্বাস না থাকলে যেখানে ঈমানই ঠিক থাকে না, সেখানে প্রধানমন্ত্রীর নামাজের কথা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।"
ধর্ম নিয়ে খালেদার বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রীর কথার প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর এ মন্তব্য করলেন।
দুর্গাপূজায় শেখ হাসিনার করা একটি মন্তব্য নিয়ে গত মঙ্গলবার সিলেটে জনসভায় শেখ হাসিনার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপি চেয়ারপাসন।
এর জবাবে বুধবার নীলফামারীতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, "বিরোধীদলীয় নেতা প্রশ্ন রেখেছেন আমি মুসলমান কি না? বিরোধীদলীয় নেতাকে আমি বলতে চাই, ফজরের নামাজ পড়ে আমি প্রতিদিনের কাজ শুরু করি। কিন্তু তার সকাল হয় দুপুর ১২টায়।"
সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে ১৯৭২ এর সংবিধানের মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠিত হয়, ফলে বাদ পড়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস শব্দবন্ধ। তবে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রয়েছে।
পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সমালোচনা করেন গয়েশ্বর।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী তাকে (আবুল হোসেন) বাদ দিতে চান না। অনেকে বলেন, আবুল হোসেন কমিশন কালেকশন এজেন্ট। তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিলে সব ফাঁস হয়ে যেতে পারে।
"মন্ত্রীদের দুর্নীতি দেখে আলী বাবাও (আরব্য রজনীর চরিত্র) লজ্জা পাচ্ছে। বাগদাদের চোর বলেছে- আমাকে আর এই অপবাদ দিয়ে লাভ কী?''
মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সমালোচনা করে গয়েশ্বর বলেন, "আর এরশাদ তো লজ্জাহীন একজন মানুষ। সকালে এক কথা বলেন, বিকালে অন্য কথা বলেন।"
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন ও ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বাতিলের দাবিতে মানববন্ধনে অংশ নেন গয়েশ্বর।
তিনি সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা এম এ হানিফ, আবু নাসের মোহাম্মদ রাহমাতুল্লাহ, সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪২৫ ঘ.
bdnews24