২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার যুদ্ধাপরাধ বিচারের সমালোচনায় খালেদা

'টার্গেট করে' নেতাদের 'ধরা হচ্ছে' দাবি করে আবারো মানবতাবিরোধী অপরাধ বিচারের সমালোচনা করলেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'টার্গেট করে' নেতাদের 'ধরা হচ্ছে' দাবি করে আবারো মানবতাবিরোধী অপরাধ বিচারের সমালোচনা করলেন খালেদা জিয়া। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর তিন নেতার নাম উল্লেখ করে সিলেটে জনসভায় মঙ্গলবার এ দাবি করেন খালেদা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "যুদ্ধাপরাধের বিচার করতে হলে আগে আওয়ামী লীগের ঘর থেকে শুরু করতে হবে। দলীয় লোকদের নিয়ে ট্রাইবুনাল করা হয়েছে। এই ট্রাইবুনাল আন্তর্জাতিক মানের নয়।" গত ২৭ সেপ্টেম্বর রাজধানীতে চার দলের জনসভায় বক্তব্যেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল 'দলীয়' অভিহিত করে আটকদের মুক্তি দাবি করেন খালেদা। ১৯৭১ এর মানবতাবিরোধী অপরাধ বিচারে এ ট্রাইবুনাল গত বছরের ২৫ মার্চ গঠন করে সরকার। একইসঙ্গে গঠিত হয় আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলোয়ার হোসাইন সাঈদীর নাম উল্লেখ করে খালেদা মঙ্গলবার বলেন, "যুদ্ধাপরাধীর কথা বলে টার্গেট করে নেতাদের ধরা হচ্ছে। আমি জানতে চাই- ১৯৯৬ সালে যখন একসঙ্গে পাশাপাশি বসে আন্দোলন করেছেন, তখন নিজামী, মুজাহিদ সাহেব কি যুদ্ধাপরাধী ছিলেন না? "আপনার পক্ষে থাকলে স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে গেলে তারা হয়ে যান মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধী।" জামায়াতকে নিয়ে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলো আওয়ামী লীগ- এ কথা উল্লেখ করে সেসময়কার প্রধানমন্ত্রী খালেদা বলেন, "তখন তাদের (জামায়াত) স্বাধীনতাবিরোধী ভূমিকার কথা মনে আসেনি।" নিজামী, মুজাহিদ, সাঈদী, এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রয়েছেন। এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনে গত ৩ অক্টোবর সিদ্ধান্ত দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তাদের মুক্তি দাবি করে খালেদা জিয়া বলেন, "তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। তারা কোনো অন্যায় করেনি। এভাবে মিথ্যা স্বীকারোক্তি আদায় গ্রহণযোগ্য নয়।" জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আবদুল আলীমও একই অপরাধের অভিযোগে গ্রেপ্তার হলেও শর্তসাপেক্ষে তিনি জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১২৮ ঘ.