ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভির মধ্যে একজনকে মনোনয়নপত্র প্রত্যাহারের পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে তাদের পৃথক বৈঠকের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দুই প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ে বৈঠক হয়। একক মনোনয়ন প্রত্যাশী শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভি আলাদা আলাদাভাবে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, "দুজনই প্রধানমন্ত্রীর কাছে দোয়া চাইতে এসেছিলেন।"
"সভানেত্রী আমাদের মুরব্বি। তারা দুজন (শামীম-আইভী) পৃথকভাবে দোয়া নিয়েছেন।"
দুজনের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কি না জানতে চাইলে হানিফ বলেন, "দলের দুইজন প্রার্থী থাকলে নির্বাচনে জয় পাওয়া কঠিন হবে। ভোট বিভক্ত হয়ে যাবে। এ জন্যে দুজনের একজনকে প্রার্থিতা প্রত্যাহারের পরামর্শ দিয়েছি।"
তবে মেয়র পদে সাবেক সাংসদ শামীম ওসমান ও সাবেক পৌর মেয়র সেলিনা হায়াত আইভি কেউ-ই মনোনয়ন প্রত্যাহারে রাজি হননি বলে বৈঠকের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে।
আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থিতার নিশ্চিয়তা পেতে বুধবার পর্যন্ত অপেক্ষা করারও পরামর্শ দেন হানিফ।
"নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী কাউকে সমর্থন দিতে পারি না আমরা। দেখি, ১২ তারিখ (বুধবার) পর্যন্ত অপেক্ষা করেন।"
গণভবন থেকে বেরোনোর পথে আইভি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর কাছে তিনি দোয়া নিতেই এসেছিলেন।
সোমবার বিকাল ৫টার পর শামীম ওসমান গণভবনে আসেন। সেলিনা হায়াত আইভি আসেন পৌনে ৭টার দিকে।
ওই সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গণভবনে ছিলেন।
ইতোমধ্যে দুই প্রার্থীর মধ্যে সমঝোতার দায়িত্বও দেওয়া হয়েছিল দলের ক'জন জ্যেষ্ঠ নেতাকে।
রোববার দুপুর পর্যন্ত আওয়ামী লীগের নীতি নির্ধারকরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভির মধ্যে মেয়র পদে কে আওয়ামী লীগের সমর্থন পাবেন সে সিদ্ধান্ত নিতে পারেননি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও মাহবুব-উল আলম হানিফের সঙ্গে এই দু'প্রার্থীর রোববার দুপুরের পৃথক বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
পরে হানিফ বলেন, তারা মঙ্গলবার দলীয় সিদ্ধান্ত জানাবেন।
গত ২ অক্টোবর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী দুই পরিবারের সদস্য শামীম ও আইভিকে নিয়ে গণভবনে বসেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেদিন কোনো সমঝোতা হয়নি। শনিবারও এ বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ শনিবার বলেছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে রোববার তারা তাদের দলীয় সিদ্ধান্ত জানাবেন।
৩০ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে আইভি এবং শামীম ওসমান ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য জমা পড়া ৮ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২০৫৯ ঘ.
bdnews24