ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড মার্চসহ নানা কর্মসূচির মাধ্যমে রাজপথে জানানো দাবি সংসদে এসে তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
আওয়ামী লীগের এ সংসদ সদস্য সোমবার এক আলোচনা সভায় বলেন, "বিরোধী দলের রাজপথে যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি সংসদে এসে কথা বলতে হবে। গণতন্ত্রকে সুসংহত করতে এর বিকল্প নেই।"
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের রোড মার্চ কর্মসূচির দিকে ইঙ্গিত করে সুরঞ্জিতের এ বক্তব্য।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনমত সংগঠিত করার লক্ষ্যে সোমবার সিলেটমুখে এ রোড মার্চ শুরু হয়েছে।
বিএনপি এ দাবি জানিয়ে এলেও আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার সুযোগ আর নেই। তারা নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য বিএনপির কাছে পরামর্শ চেয়েছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, "যে কোনো দাবি বাস্তবায়নে সমাঝোতায় পৌঁছতে আলোচনার বিকল্প নেই। রোডমার্চ ও সমাবেশ গণতান্ত্রিক অধিকার, তা পালন তারা করতেই পারেন। কিন্তু এ অধিকার ততক্ষণ থাকে, যতক্ষণ তা শান্তিপূর্ণভাবে পালিত হয়।"
বিএনপির সংসদ বর্জনের বিষয়ে তিনি বলেন, "যারা বিরোধী দলকে সংসদে না আসার পরামর্শ দিচ্ছে, তারা সরকার বা বিরোধী দল নয়, গণতন্ত্রকে ক্ষতি করছে।"
পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে 'অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সমঝোতার বিকল্প নেই' শীর্ষক সভায় বক্তব্য রাখেন সুরঞ্জিত। 'জনতার প্রত্যাশা' নামে একটি সংগঠন এর আয়োজক।
জগন্নাথ, কুমিল্লা ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন সংশোধনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করে সুরঞ্জিত বলেন, "তৎকালীন বিএনপি সরকার এসব বিশ্ববিদ্যালয়ের আইন তৈরি করেছিলো। তাদের ওই আইনের ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো।
"তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার মনোভাবের কারণে এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। এখন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৩১৩ ঘ.
bdnews24