ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে রোড মার্চের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে বিএনপি সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনে যাবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, "আমরা রোড মার্চ করতে চাইনি। সরকার আমাদের রোড মার্চে নামতে বাধ্য করেছে। তারা দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সর্বগ্রাসী দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। জনগণ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে।"
মির্জা ফখরুল জানান, এ অবস্থা থেকে উত্তরণে খালেদা জিয়া পর্যায়ক্রমে সারাদেশে রোড মার্চে বেরুবেন। সোমবার সিলেট অভিমুখে রোড মার্চের পর ১৮ অক্টোবর রাজশাহী এবং পরে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রংপুরের দিকে রোড মার্চ হবে।
গত ২৭ সেপ্টেম্বর নয়াপল্টনে সমমনাদের নিয়ে এক সমাবেশ থেকে রোডমার্চের এই কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা। পরে এক অনুষ্ঠানে তিনি বলেন, রোড মার্চের পর 'ফাইনাল ম্যাচের' প্রস্তুতি শুরু করবে বিএনপি।
মহানগর নাট্যমঞ্চে জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে নিহত নাজিরউদ্দিন জেহাদের ২১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় রোড মার্চ কর্মসূচির কারণ ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, "এর মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়া সারাদেশে ১৬ কোটি মানুষকে জাগিয়ে তুলে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ করতে চান।"
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, "বাংলাদেশকে বিশ্বের মানুষ এখন একটি দুর্নীতির দেশ হিসেবে চেনে। পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজ শুরু হওয়ার আগেই সব অর্থ ভাগবাটোয়ারা হয়ে গেছে। অথচ এখনো সেতুর ইট ভাঙার কাজও শুরু হয়নি। কানাডায় ইতোমধ্যে এ সেতুর দুর্নীতির তদন্ত শুরু হয়েছে।"
"আমার সঙ্গে বিশ্বব্যাংকের একজনের স¯প্রতি কথা হচ্ছিল। তিনি আমাকে বলেছেন, আগে তোমাদের দেশে প্রকল্পের দুর্নীতির কথা বলা হতো। এখন দুর্নীতির অভিযোগ উঠলে গোটা বাংলাদেশের কথা বলা হয়", যোগ করেন তিনি।
আন্তর্জাতিক সাময়িকী ইকোনমিস্টে বাংলাদেশের দুর্নীতি বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "কারা চোর-বাটপার তা আজ আন্তর্জাতিক পর্যায়ে জানা হয়ে গেছে। প্রধানমন্ত্রী তা লুকাতে পারবেন না।"
দুর্নীতি দমন কমিশনের ভূমিকারও সমালোচনা করেন ফখুরল। তিনি বলেন, "এই প্রতিষ্ঠানটি সরকারে আজ্ঞাবহ, নখ-দন্তহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা কেবল বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে জানে।"
সরকার একদলীয় নির্বাচন করে আবার ক্ষমতায় আসার চক্রান্ত করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, "তারা বুঝতে পেরেছে, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না।"
বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, "নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনকে চূড়ান্ত পর্যায় নিতে ছাত্রলীগের তৎকালীন সভাপতি হাবিবুর রহমান হাবিব ও ছাত্র ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা সেদিন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদে যোগ না দিলে আন্দোলন বেগবান হতো না। তাই দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে আমাদের দাবি-তাদের দলে মূল্যায়ন করুন, সম্মানজনক পদ দিন।"
এই দুইজন বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য।
দলের যুগ্ম মহাসচিব ও জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, ছাত্র দলের সাবেক সভাপতি সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, মহিলা দলের সাধারণ সস্পাদক শিরিন সুলতানা, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জেহাদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও জেহাদের বোন চামেলী মাহমুদ, জেহাদের ভাই কে এম রশিদ আলোচনাসভায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৬১১ ঘ.
bdnews24