ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভির মধ্যে মেয়র পদে কে আওয়ামী লীগের সমর্থন পাবেন- তা চূড়ান্ত করতে বৈঠক হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর বাসায়।
রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গুলশানে সাজেদা চৌধুরীর সরকারি বাসভবনে এ বৈঠক হয় বলে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা প্রথমে সাবেক সাংসদ শামীম ওসমানের সঙ্গে বসেন। তারা পরে আলাদাভাবে বসেন সেলিনা হায়াত আইভির সঙ্গে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে কথা বলতে মানা আছে। ওখানে তো আমি একা ছিলাম। উনি পরে গিয়েছিলেন।"
শনিবার আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, "রোববার সকালে ধানমণ্ডির সভানেত্রীর কার্যালয়ের দুই প্রার্থীকে নিয়ে সংসদ উপনেতা (সাজেদা চৌধুরী) বসবেন। এ বৈঠকে দলীয় সমর্থন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে বলে আশা করি।"
তবে রোববার সকাল ১০টায় ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এসে দেখা যায়- সেখানে কোনো বৈঠক হচ্ছে না। কার্যালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, সকাল ৯টায় তাদের জানানো হয়েছে যে বৈঠক ধানমণ্ডিতে হবে না। কোথায় হবে সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তারা।
পরে জানা যায়, বৈঠক শুরু হয়েছে সাজেদা চৌধুরীর বাসভবনে।
৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আইভি এবং সাবেক সংসদ সদস্য শামীম দলের সমর্থন প্রত্যাশী। দুজনই ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এনসিসি নির্বাচনে মেয়র পদের জন্য জমা পড়া ৮ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
এর আগে ২ অক্টোবর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী দুই পরিবারের সদস্য শামীম ও আইভিকে নিয়ে গণভবনে বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেদিন কোনো সমঝোতা হয়নি।
ক্ষমতাসীন দলের দুজন প্রার্থী হলে ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের জয়ের সম্ভবনা বাড়বে বলে বিরোধী দলের নেতা-কর্মীরা ধারণা করছেন।
২০০১ সালের নির্বাচনের পরই শামীম ওসমান দেশের বাইরে চলে যান। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফেরেন তিনি।
প্রার্থীতার ক্ষেত্রে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ সারাহ বেগম কবরীর সমর্থন পাচ্ছেন আইভি। অন্যদিকে নারায়াণগঞ্জ-৫ আসনের মহাজোট শরীক জাতীয় পার্টির নাসিম ওসমানের সমর্থন রয়েছে তার ভাই শামীম ওসমানের প্রতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএইচসি/জেকে/১৩০৮ ঘ.
bdnews24