২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে: রিজভী

রোড মার্চ উপলক্ষে সিলেটের কয়েকটি স্থানে নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড মার্চ উপলক্ষে সিলেটের কয়েকটি স্থানে নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, "মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও উস্কানি দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি- জনতার বিশাল ঢলে ক্ষমতাসীনদের ওইরকম অপচেষ্টা সফল হবে না।" নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট রোড মার্চের সর্বশেষ অবস্থা জানাতে এই সংবাদ ব্রিফিঙের আয়োজন করা হয়। রিজভী বলেন, "সিলেট অভিমুখে সোমবারের রোড মার্চে ছয়টি পথসভায় বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এগুলো হলো- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাব বাস স্ট্যাণ্ড, নরসিংদীর ইটাখোলা, কিশোরগঞ্জের ভৈরব, ব্রাক্ষনবাড়ীয়ার কড্ডাপাড়া বিশ্ব রোড চৌরাস্তা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মোড় ও মৌলভীবাজারের শেরপুর।" রোড মার্চে ব্যাপক লোক সমাগম হবে বলে আশাবাদী রিজভী। গত ২৭ সেপ্টেম্বর এ রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, "রোড মার্চ সফল করতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। এ নিয়ে দলের মধ্যে কোনো বিভেদ কিংবা অনৈক্য নেই। এ সংক্রান্ত যেসব সংবাদ প্রকাশ করা হচ্ছে- তা সম্পূর্ণ ভিত্তিহীন।" সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়া, হাবিবুল ইসলাম হাবিব, সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, নির্বাহী কমিটির সদস্য বদিউজ্জামান খসরু, মাহবুবুল হক নান্নু, যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, সহ সম্পাদক মুনীরুজ্জামান মুনীর, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক তকদির হোসেন জসিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮২৩ ঘ.