শরীয়তপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের সখিপুরে আওয়মী লীগের দু পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার একটি রাস্তা নির্মাণ কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সময় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ আসবাবপত্র।
এ সময় দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে শরীয়তপুর সদর হাসপাতাল ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, রাস্তার মাটি কাটা নিয়ে আওয়ামী লীগের দুই নেতা হুমায়ুন মোল্লা ও যুবলীগের কেন্দ্রীয় নেতা আলতাফ ছৈয়ালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ-র্যাব ও শরীয়তপুর থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েত করা হয়েছে বলেও জানান তিনি।
মোল্লার বাজার-বালারহাট উন্নয়ন কাজের ঠিকাদার আওয়ামী লীগ নেতা সোহাগ ছৈয়াল জানান, সখিপুর থানার মোল্লার বাজার থেকে বালার হাট পর্যন্ত রাস্তা নির্মাণে ৪০জন শ্রমিক নিয়ে শুক্রবার সকালে মাটি কাটতে যান তিনি। সে সময় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মোল্লার নেতৃত্বে ২৫/৩০ জন লোক তাদের কাজে বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্য বাধে।
চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন মাস্টার এবং সহ-সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা অভিযোগ করেন, সংঘর্ষের সময় উপজেলা চেয়ারম্যান হুমায়ুন মোল্লার সমর্থকরা আওয়ামী লীগের অফিসে হামলা করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে।
অবশ্য ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মোল্লা অভিযোগ অস্বীকার করেন বলেন, প্রতিপক্ষের লোকজন ভাঙচুর করে উল্টো তার উপর দায় চাপাচ্ছে।
এ ঘটনায় এলাকায় উত্তোজনা বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এএল/২১৩৮ ঘ.
bdnews24