ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রাজধানীর বিভিন্ন মণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন বিএনপি নেতারা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির, ধানমণ্ডির কলাবাগান এবং বনানী মাঠের পূজামণ্ডপ ঘুরে দেখেন।
ফখরুল জানান, দেশের হিন্দু স¤প্রদায়ের জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় এ উৎসবের শুভেচ্ছা নিয়ে এসেছেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে তারা ঢাকেশ্বরী মন্দিরে যান এবং পুরহিতসহ হিন্দু স¤প্রদায়ের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম তার সঙ্গে ছিলেন।
গত রোববার দশভূজা দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ৫ দিনের দুর্গোৎসব শুরু হয়।
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, আর মাত্র এক দিন মর্ত্যে থাকবেন দেবী দুর্গা। বৃহস্পতিবার বিজয়া দশমীর পর বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের সবচেয়ে বড় এ উৎসব শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০২৫৫ ঘ.
bdnews24