২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি নির্বাচন: মেয়র পদে প্রার্থী আট জন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট আটজন। এদের মধ্যে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনজন এবং বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট আটজন। এদের মধ্যে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনজন এবং বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারও রয়েছেন। এছাড়া রোববার পর্যন্ত ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৭৮ জন এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান। জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, "রোববার শেষ দিনে শহরের চাষাড়ার জিয়া হলে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।" তিনি জানান, জিয়া হলে ১০টি বুথের মাধ্যমে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়। প্রত্যেক প্রার্থী পাঁচজন করে সমর্থককে সঙ্গে নিয়ে তাদের মনোনয়ন জমা দেন। বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। তফসিল অনুযায়ী, সোম ও মঙ্গলবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১২ অক্টোবর পর্যন্ত। নির্বাচন হবে ৩০ অক্টোবর। গত ২২ সেপ্টেম্বর দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মেয়র পদের প্রত্যাশীদের সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন শেষ দিন অর্থাৎ, রোববার। এরা হলেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সদ্য বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এস আকরাম, জেলা আওয়ামী ওলামা লীগের বহিস্কৃত সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী, বিএনপির জেলা সভাপতি অ্যাড. তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ ও আতিকুল ইসলাম জীবন। আওয়ামী লীগ সমর্থক প্রার্থীদের মধ্যে কে শেষ পর্যন্ত দলের সমর্থন পাবেন তা নিয়ে নারায়ণগঞ্জে চলছে জোর গুঞ্জন। এর এ বিষয়ে মূল লড়াইটা হচ্ছে শামীম ওসমান ও আইভীর মধ্যে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, "নির্বাচন হবে অত্যন্ত শান্তিপূর্ণ। কোনো যুদ্ধ যুদ্ধ খেলা হবে না। এটি হবে উৎসব উৎসব খেলা।" "জনগণ যে রায় দেবে, আমি তা মেনে নেব। নারায়ণগঞ্জের তৃণমূলের নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন", যোগ করেন এই আওয়ামী লীগ নেতা। সেলিনা হায়াত আইভী মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সাংবাদিকদের বলেন, "নারায়ণগঞ্জের জনগণ আমার সঙ্গে আছে। আমি তাদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।" আওয়ামী লীগের সমর্থন না পেলেও নির্বাচন করবেন কি না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী। দল আমাকে মনোনয়ন দেবে বলেই আমি নির্বাচন করতে এসেছি।" ১৮৭৬ সালে নারায়ণগঞ্জ পৌরসভা হওয়ার পর ২০০৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে ডা. সেলিনা হায়াত আইভী মেয়র নির্বাচিত হন। টানা আট বছর দায়িত্ব পালনের পর গত ২৩ জুন নতুন প্রশাসকের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। বিএনপি নেতা তৈমুর বলেন, "নির্বাচন সুষ্ঠু হবে কি না- তা নিয়ে আমাদের শঙ্কা আছে। তাই আমরা সেনা মোতায়েনের পক্ষে। এই প্রশাসন নিরপেক্ষ নয়। এদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা এদেরও রদবদল চাই।" নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ২৭টিতে ওয়ার্ডে মোট ১৬৩টি কেন্দ্রে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ১৮৯ জন। এ নির্বাচনে ৯টি ওয়ার্ডের সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হবে। শিগগরিই পুলিশের অভিযান নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ করতে শিগগিই নির্বাচনী এলাকায় সাঁড়াশি অভিযান চালাবে পুলিশ। রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "ইসির নিজস্ব পর্যবেক্ষণে মনে হয়েছে, নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালানো প্রয়োজন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ অভিযান চালাবে পুলিশ।" নির্বাচন কমিশনার জানান, বৈঠকে এনসিসি নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কোন ২৫টি কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হবে তাও ঠিক করা হয়েছে এ সভায়। এক প্রশ্নের জবাবে ছহুল বলেন, "প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। তাই সেনাবাহিনীর সহায়তার প্রয়োজন বোধ করছে না নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএইচসি/জেকে/২০৪৫ ঘ.