২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আলোচনার সুযোগ নেই: কামরুল

বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এ বিষয়ে আর আলোচনার কোনো সুযোগ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এ বিষয়ে আর আলোচনার কোনো সুযোগ নেই। রোববার বিকালে চট্টগ্রাম জেলা আদালত ভবনে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আদালতের দৈনিক কার্যতালিকার ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ না থাকলেও নির্বাচন কমিশনকে শক্তিশালী করে আরো স্বাধীনতা দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলেও মন্তব্য করেন কামরুল। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ২৭ সেপ্টেম্বর এক সমাবেশে ঘোষণা দেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে বিএনপি নির্বাচনে যাবে না। তার এই হুমকির জবাবে শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, বিরোধী দলকে নির্বাচনে আসতেই হবে। এ বিষয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই বলে দিয়েছেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে এবং এর অধীনেই আগামী নির্বাচন হবে।" সরকার গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে। বিএনপিসহ সমমনা দলগুলো শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। বর্তমান সরকারের সময়ে অনুষ্ঠিত কোনো নির্বাচন নিয়ে 'কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি' দাবি করে কামরুল ইসলাম বলেন, "গণতান্ত্রিক সরকারের অধীনেও যে সুষ্ঠু নির্বাচন সম্ভব- তার প্রমাণ বর্তমান সরকার দিয়েছে।" আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদও এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৮২৭ ঘ.