ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শিল্প ও কৃষি উৎপাদনকে গতিশীল করতে প্রতি বছর ২ অক্টোবর জাতীয় 'উৎপাদনশীলতা দিবস' পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে 'উৎপাদনশীলতা বৃদ্ধি' বিষয়ে এক সম্মেলনের উদ্বোধনে 'উৎপাদনশীলতা কর্মসূচিকে' একটি জাতীয় আন্দোলন হিসেবেও ঘোষণা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "উৎপাদনাশীলতার উন্নয়ন একক প্রচেষ্টায় সম্ভব নয়। এজন্য সরকার, মালিক ও শ্রমিক, রাজনীতিবিদ, পরিকল্পনাবিদ, গবেষক, পেশাজীবী, সিভিল সোসাইটি, গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসতে হবে।"
উৎপাদনশীলতা আন্দোলনকে বেগবান করতে প্রতিবছর শ্রেষ্ঠ শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জাতীয়ভাবে 'প্রোডাকটিভিটি' ও 'কোয়ালিটি' অ্যাওয়ার্ড দেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
মালিক ও শ্রমিকের সুসম্পর্ক না থকালে কাক্সিক্ষত উৎপাদনশীলতা পাওয়া যাবে না উল্লেখ করে করে শেখ হাসিনা বলেন, "আমি মনে করি, উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে মালিক, ট্রেড ইউনিয়ন এবং সরকার- এই তিন পক্ষের সমান দায়িত্ব রয়েছে।"
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন এবং এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশন সোসাইটি ফর বাংলাদেশ রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ সম্মেলনের আয়োজন করে।
'মাল্টিলেটারাল কনফারেন্স অন প্রোডাক্টিভিট মুভমেন্ট ইন বাংলাদেশ: স্ট্র্যাটেজি ফর ২০১১' শীর্ষক এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া। অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রমমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারাকাত ও শিল্প সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৩২৫ ঘ.
bdnews24