২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপির চট্টগ্রাম রোড মার্চ পেছাচ্ছে'

চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোড মার্চ পেছাচ্ছে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 07:20 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোড মার্চ পেছাচ্ছে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে শনিবার রাতে এক বৈঠকের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন তিনি। গুলশানে খালেদার কার্যালয়ে বৈঠকের পর অলি বলেন, "বিএনপির অনেক নেতা ওই সময় হজ পালনের জন্য সৌদি আরবে থাকবেন। এ কারণে চট্টগ্রামমুখী রোড মার্চ কর্মসূচি পিছিয়ে ঈদুল আজহার পর হবে বলে বিএনপি চেয়ারপার্সন বলেছেন।" গত মঙ্গলবার নয়া পল্টনের চার দলের জনসভা থেকে খালেদা জিয়া ১০ অক্টোবর ঢাকা-সিলেট, ১৮ অক্টোবর ঢাকা-রাজশাহী এবং ২৫ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেন। ওই রোড মার্চের পর সরকার পতনে 'ফাইনাল খেলা' হবে বলে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ঘোষণা দেন খালেদা। রাত পৌনে ৯টা থেকে দেড় ঘণ্টা স্থায়ী বৈঠকে চলমান আন্দোলন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অলি। তিনি বলেন, "বর্তমান সরকারকে হটাতে খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে এলডিপি থাকবে।" যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষ করে গত ২৮ সেপ্টেম্বর দেশে ফেরেন অলি আহমেদ। রমজানের আগে খালেদা জিয়ার গুলশানের বাসায় কর্নেল অলি আহমেদের প্রথম বৈঠক হয়। এই বৈঠকের পর সরকারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার সঙ্গে এলডিপি থাকার আনুষ্ঠানিক ঘোষণা দেন অলি আহমেদ। জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে মতবিরোধের প্রেক্ষিতে ২০০৬ সালের ২৯ অক্টোবর বিএনপি ত্যাগ করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্টজন হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এরপর বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারায় যোগ দিলেও পরে সেখান থেকে বেরিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন অলি। গত নির্বচনে অংশ নিয়ে সাংসদ নির্বাচিত হন বিএনপির এই সাবেক মন্ত্রী। বিএনপির এই প্রতিষ্ঠাতা মহাসচিব একিউএম বদরুদ্দোজা চৌধুরী বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০০২ সালের জুন মাসে দলের চাপে পদত্যাগে বাধ্য হন। ওই বছরই অগাস্টে বিকল্প ধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন তিনি। বিকল্পধারা সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে থাকলেও 'কঠিন' কোনো কর্মসূচিতে সম্পৃক্ত হবে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০১১৫ ঘ.