গাজীপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
গাজীপুর সদরের কুমুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে ময়েজউদ্দিনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী একথা বলেন।
১৯৮৪ সালের ২৭ সেপ্টম্বর ২২ দলের ডাকা হরতালে মিছিল করার সময় সন্ত্রাসীর ছুরিকাঘাতে কালিগঞ্জের আওয়ামী লীগ নেতা ময়েজউদ্দিন নিহত হন।
স্মরণসভায় মতিয়া বলেন, সুপ্রীম কোর্টের নির্দেশনা অনুসারে সংবিধান সংশোধন করা হয়েছে। রাতের আঁধারে কিছুই হয়নি।
গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয় সংসদে। এর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সমালোচনা করায় মতিয়া চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেন।
বিএনপির সময়কালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনকারী আওয়ামী লীগের উদ্দেশে খালেদা জিয়ার এক বক্তব্যের সূত্র ধরে মতিয়া বলেন, "আপনি বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপক্ষ নয়।"
কৃষিমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে বিএনপি দেশে ৪০ লক্ষ টন খাদ্য ঘাটতি রেখে গিয়ে ছিল। এরপরই আওয়ামী লীগ ক্ষমতায় এসে ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ঘাটতি মিটিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল।
বর্তমানে সরকার ৪২ টাকা কেজি চাল কিনে ওএমএসের মাধ্যমে ২৪ টাকা দরে খাওয়াচ্ছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার দেশে তেলের দাম বৃদ্ধি করেছে বলে জানান তিনি ।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বারেক মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আকম মোজাম্মেল হক, মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.
bdnews24