২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপিপি'র চেম্বার ভাঙচুর: ১৪ বিএনপি নেতাকর্মীর কারাদণ্ড

লালমনিরহাটে অতিরিক্ত সরকারি কৌঁসুলির (এপিপি) চেম্বার ভাঙচুরের মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

লালমনিরহাট, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে অতিরিক্ত সরকারি কৌঁসুলির (এপিপি) চেম্বার ভাঙচুরের মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকালে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক মেহেদী হাসান এ রায় দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় তিন জনকে দেওয়া হয় বেকসুর খালাস। রায় ঘোষণার পর বিএনপি শহরে বিক্ষোভ সমাবেশ করেছে। দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট সরকারি কলেজের সাবেক ভিপি আনিছুর রহমান আনিছ ও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মেহেদি হাসান জুয়েলকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকি ১২ জনের প্রত্যেককে তিন বছরের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এরা হলেন- আদিতমারী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপি'র সদস্য ও পৌর যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম খোকন, পৌর বিএনপি'র সদস্য ও তিন নম্বর ওয়ার্ড জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, সদর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন, আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান বকুল, বিএনপি কর্মী মওলা, জেলা যুবদল কর্মী সুমন আহমেদ, কাজল, মিলন, নুরনবী ও মজিদুল। খালাস প্রাপ্তরা হলেন- যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম বাবুল, যুবদল কর্মী রাশেদুল ও শফিকুল। গত ৫ অগাস্ট জেলা হাকিম আদালত চত্বরে এপিপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীর চেম্বার ভাঙচুর হয়। এ ঘটনায় ওইদিনই লালমনিরহাট সদর থানায় ২২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন এপিপি। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হাসান গত ১৬ আগষ্ট এ মামলায় ১৭ জনের বিরুদ্ধে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রায়ের পর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের মিশন মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "একটি হাস্যকর মামলা দায়ের করে এই সরকার বিএনপি নেতাকর্মীদের নির্যাতন ও হয়রানি করছে। বিএনপি ক্ষমতায় এলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।" সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ লিমন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এএল/২১৪২ ঘ.