ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর ও উপনির্বাচনে ভোট 'কারচুপির' অভিযোগ এনে এবং পূঁজিবাজারে বিপর্যয়ের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
সোমবার বিকালে নয়াপল্টনে বিএপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার বিকাল ৩টায় মুক্তাঙ্গনে এ বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন।
এসময় তিনি আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের বিপক্ষে ঢাকা-মাওয়া সড়কের শ্রীনগর বাজারে সড়ক অবরোধ কর্মসূচিতে সহিংসতার জন্য সরকারকে দায়ী করেন।
সোমবার আড়িয়ল বিল রক্ষা কমিটির ডাকে বাড়ৈখালী, নবাবগঞ্জ ও দোহার এলাকার লোকজন মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হয় শতাধিক লোক।
এ ঘটনাকে দুঃখজনক অভিহিত করে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, "তারা (সরকার) ইচ্ছাকৃতভাবে এ অবস্থার সৃষ্টি করেছে। ভয় ও শক্তি প্রয়োগ করে তারা এক ব্যক্তির নামে বিমানবন্দর নির্মাণ করতে চায়। এটা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। বিএনপি জনগনের সঙ্গে থাকবে।"
দেলোয়ার আরো বলেন, উত্তরার কাছে বর্তমান বিমান বন্দরের মাত্র ২৭ ভাগ ব্যবহৃত হচ্ছে। এর পূর্ণ ব্যবহার না করে আরেকটি বিমান বন্দরের কোনো প্রয়োজন নেই।
বিএনপি মহাসচিবের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, গোলাম আকবর খন্দকার, প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রহুল কুদ্দুছ তালুকদার দুলু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য খোন্দকার আবদুল হামিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, উলামা দলের সভাপতি আবদুল মালেক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/এইচএ/২০০০ ঘ.
bdnews24